‘পাওনা টাকা না পেয়ে জামরুলকে খুন করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামরুলকে অপহরণ করে পাওনা টাকা উদ্ধার করতে চেয়েছিলাম। জামরুলের পরিবারকে বলেছিলাম, ব্যাংকে টাকা দিতে। কিন্তু তারা টাকা দিতে ব্যর্থ হওয়ায় রোববার বিকেল চারটার পর বুকে, কোমরে ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে জামরুলকে হত্যা করি।’গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুদ্দিন মাসুমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এভাবেই মোশাররফ হোসেন ওরফে জামরুলকে হত্যার বর্ণনা দেন শিব্বির আহমদ (৩০)। গতকাল বিকেল পৌনে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় পৃষ্ঠায় শিব্বিরের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।এর আগে শিব্বির পুলিশ ও সাংবাদিকদের কাছে জামরুলকে হত্যার দায় স্বীকার করেন।জবানবন্দিতে শিব্বির বলেন, জামরুলের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক। কয়েক দফায় তাঁর কাছ থেকে মোট ১৮ লাখ টাকা নেন জামরুল। কিন্তু এ টাকা ফেরত দিতে বিলম্ব করায় তিনি ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ করেন। চার মাস আগে জামরুল টাকাগুলো কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু তা না দেওয়ায় জামরুলকে অপহরণ করে টাকা আদায় করার পরিকল্পনা করেন তিনি।জামরুল নগরের কাজলশাহ এলাকার বাসিন্দা। গত রোববার জামরুলকে তাঁর বাসা থেকে ডেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ সুরমার বড়ইকান্দিতে নিজের মামার বাড়িতে নিয়ে যান শিব্বির। এই বাড়িতে কেউ ছিলেন না। এখানে জামরুলের হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর জামরুলকে নেশাজাতীয় ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়। এ সময় শিব্বির ফোন করেন জামরুলের ভাই কামরুলকে। বিকেল চারটার মধ্যে স্থানীয় একটি ব্যাংকে ১৮ লাখ টাকা দিতে বলেন। বিকেল চারটার পর ব্যাংকে ফোন করে টাকা জমা হয়নি জানতে পেরে শিব্বির ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর তিনি জামরুলের বুকে, পিঠে, পায়ে ও কোমরে ছুরিকাঘাত করেন। জামরুল মারা যাওয়ার পর শিব্বির কামরুলকে ফোন করে ওই বাড়ির ঠিকানা দেন এবং লাশ নিতে বলেন। এ ঘটনায় জামরুলের ছোট ভাই কামরুল হোসেন বাদী হয়ে শিব্বির আহমদকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।জবানবন্দিতে শিব্বির জানান, পাওনা টাকা না পেয়ে তিনি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এ জন্য খুন করতে বাধ্য হন। খুনের পর অস্থিরতা কাটাতে তিনি গাঁজা সেবন করেন ও ফেনসিডিল খান।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, শিব্বির আহমদ নিজ থেকে খুনের ঘটনা স্বীকার করায় তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। প্রাথমিক তদন্তে হত্যার পেছনে আর্থিক লেনদেন থাকার সত্যতা পাওয়া গেছে।