'পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পাকিস্তান আজ নতুন করে প্রমাণ করেছে, তাঁরা শুধু মুক্তিযুদ্ধের সময় আমাদের শত্রু ছিল না। তাঁরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশেরও শত্রু।

বাংলাদেশের জাতীয় সংসদের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ৭১ সালের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে-এ রকম একটি প্রস্তাব পাস করে সেটি পাকিস্তান সংসদকে জানিয়ে দিতে হবে। বাংলাদেশে পাকিস্তানের পণ্য বর্জন করতে হবে।

মুক্তিযুদ্ধে শহীদ ১৩ জন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে এই বইটি আজ রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একাত্তরে সাংবাদিকদের হত্যার ঘটনা তুলে ধরে বলেন, এটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। আজ সেই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের কর্মকাণ্ড স্থানীয় নির্বাচনের ডামাডোলে ধামাচাপা দেওয়া যাবে না। তাঁদের বিচার করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির চেয়ারম্যান ও সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, পাকিস্তান নতুন করে প্রমাণ করেছে তারা আজ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশেরও শত্রু।

ইটিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনে এমন প্রস্তাব পাস করতে হবে যেন ১৯৭১ সালের জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। সেটি পাকিস্তান সংসদকে জানিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সকালের খবর পত্রিকার সম্পাদক মোজাম্মেল হোসেন, শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর, শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার কন্যা ঊর্মি মোস্তফা প্রমুখ।