'পাকিস্তানি বাহিনীর সুরে নাসিম ওসমানের হুমকি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে।
পৃথক বিবৃতিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ বলেছে, পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা সাংবাদিকদের বাসা থেকে ধরে নিয়ে হত্যা করেছিল। নাসিম ওসমানের সাংবাদিকদের বাসা থেকে ধরে এনে হত্যার হুঁশিয়ারি প্রকারান্তরে পাকিস্তানি বাহিনীর সুরেই হুমকি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম এক বিবৃতিতে বলেন, ১৫ ডিসেম্বর মেট্রো সিনেমা হলের কাছে জাতীয় পার্টির নেতা সাংসদ নাসিম ওসমানের নেতৃত্বে একটি সমাবেশ হয়। সমাবেশে নাসিম ওসমান নারায়ণগঞ্জের দুটি দৈনিক পত্রিকার নাম উল্লেখ করে পত্রিকা দুটির সাংবাদিকসহ নারায়ণগঞ্জের আরও সাংবাদিকদের হত্যার হুমকি দেন। নাসিম ওসমান ওই সমাবেশে বলেন, ‘যদি কেউ বোমা মারে, কেউ যদি বাড়ি আক্রমণ করে, সেই দল যারা করবে, সেই বোমাবাজদের যারা সমর্থন দেবে সে সাংবাদিক হোক আর রাজনৈতিক নেতা হোক ছাড় দেওয়া হবে না। তাদের ধ্বংস করা হবে। যুগের চিন্তা (নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র) নামে যারা নতুন চিন্তা জন্ম দেয় তাদের সাবধান করে দিচ্ছি। সাংবাদিকতায় থাকো, নইলে গণমাইরের সম্মুখীন হতে হবে। যারা খবরের পাতার (নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র) নামে কোনো গুষ্টির পারপাস সার্ভ করে তাদের বাড়ি থেকে ধরে এনে ধ্বংস করা হবে। ’
বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকদের বাসা থেকে ধরে এনে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। সাংবাদিকদের মেরে ফেলার প্রকাশ্য হুমকি দিয়ে তাঁদের দায়িত্ব থেকে কখনো দমানো যায়নি। আজও কেউ পারবে না।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি পৃথক বিবৃতিতে বলেন, ‘ওসমান পরিবার জামায়াতের বিরোধিতার কথা বলে রাজনীতি করে। কিন্তু জামায়াত কখনোই তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়নি।