'পাকিস্তানি সেনা ও কায়সারের লোকেরা বাবাকে হত্যা করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মোহাম্মদ আলী পাঠান। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনা ও কায়সারের লোকেরা তাঁর বাবাসহ অনেককে হত্যা করেছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোহাম্মদ আলী পাঠানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে মোহাম্মদ আলী বলেন, তিনি মুক্তিযোদ্ধা। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর থানার কৃষ্ণনগর গ্রামে। মুক্তিযুদ্ধকালে মৌজপুরে থাকাকালে ২৮ এপ্রিল সন্ধ্যার দিকে খবর পান, পাকিস্তানি সেনা ও কায়সারের লোকেরা তাঁর বাবা ওহিদ উদ্দিন পাঠানসহ আরও অনেককে হত্যা করেছে। ২৯ এপ্রিল পাকিস্তানি সেনা ও কায়সার বাহিনীর সদস্যরা মাধবপুর বাজার ও কৃষ্ণনগর গ্রামের ১৪-১৫ জনকে হত্যা করে। ওই দিন বিকেলে তিনি বাড়ির পূর্ব-উত্তর দিকে বাবাসহ আরও তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পাশের খেত থেকে মাটি ও ইট-পাথর এনে বাবার মরদেহ মাটিচাপা দেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি তাঁর বাবার হাড়গোড় উঠিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, বাবার হত্যাকাণ্ডের পর মানসিক অবস্থা বিবেচনা করে তাঁকে মাধবপুর থেকে ভারতের আগরতলায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাপানিয়া প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে একাত্তরের নভেম্বরে তিনি ১১ নম্বর সেক্টরের সঙ্গে যুক্ত হন।
জবানবন্দি শেষে মোহাম্মদ আলী পাঠানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৬ এপ্রিল (রোববার) পর্যন্ত মুলতবি করা হয়।