'পাকিস্তানি সেনাদের গাড়িতে নিজামীকে বসা দেখেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী  অ প রা ধে র  বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী ইউসুফ আলী বিশ্বাস। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১০ জুন পাকিস্তানি সেনাদের সঙ্গে গাড়িতে তিনি নিজামীকে বসা দেখেছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ইউসুফের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।
আসামির কাঠগড়ায় নিজামীর উপস্থিতিতে জবানবন্দিতে ইউসুফ আলী (৬৮) বলেন, তাঁর গ্রামের বাড়ি পাবনার সদর থানার ভাড়ারা গ্রামে। ১৯৭০ সালের ৩০ ডিসেম্বর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধকালে একাত্তরের ৯ জুন তিনি বন্ধু আরশাদ আলী, সেকেন্দার আলী ও কুদ্দুসকে নিয়ে মাধপুর গ্রামে যান। ১০ জুন সকাল সাতটা-আটটার দিকে চা-নাশতা খেতে মাধপুর বাজারে যান। তখন পাবনা শহরের দিক থেকে আসা পাকিস্তানি সেনাদের দুটি গাড়ি মাধপুর মোড়ে থামে। তিনি দেখেন, একটি গাড়ির সামনের আসনে এক পাকিস্তানি মেজরের পাশে নিজামী বসা। পেছনের আসনে তিনজন বাঙালি চোখ বাঁধা অবস্থায় বসে আছেন, তাঁদের পাশে কয়েকজন পাকিস্তানি সেনা। কিছুক্ষণ পর নিজামী সাঁথিয়ার রাস্তার দিকে ইশারা করলে গাড়ি দুটি সাঁথিয়ার দিকে যায়। ১৫-২০ মিনিট পর ইছামতী নদীর দিক থেকে কয়েকটি গুলির শব্দ শোনেন। দোকানে বসা নিরাপদ মনে না করে তাঁরা তিনজন পাশের একটি বাড়িতে গিয়ে লুকান। খড়ির বেড়া ফাঁক করে গুলির শব্দের ১০-১৫ মিনিট পর তাঁরা ওই দুটি গাড়িকে পাবনা শহরের দিকে ফিরতে দেখেন। তখনো গাড়িতে মেজরের পাশে নিজামীকে বসা দেখেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, গাড়ি দুটি চলে গেলে তাঁরা মাধপুর বাজারে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সঙ্গে ইছামতী নদীর ধার দিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি গর্তে তিনজন বাঙালি গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, চোখ কালো কাপড়ে বাঁধা। তিনি গর্তে নেমে ওই তিনজনের চোখ থেকে কাপড় সরিয়ে দেখেন, নিহত ব্যক্তিদের একজন পাবনা জিলা স্কুলের প্রধান মাওলানা কছিমুদ্দিন। বাকি দুজনকে তিনি চেনেননি। ওই সময় স্থানীয় লোকজন বলাবলি করছিলেন, ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি মতিউর রহমান নিজামী পাকিস্তানি সেনাদের নিয়ে এ তিনজনকে মেরে রেখে গেছেন।
ইউসুফ বলেন, একাত্তরের ১৫ জুন তিনি সঙ্গীদের নিয়ে ভারতে চলে যান। ভারত থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে দেশে ফিরে বিভিন্ন জায়গায় পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদরদের ক্যাম্পে অভিযান চালান।
আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন ইউসুফ। পরে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।