'পাকিস্তানি সেনাদের সঙ্গে গ্রামে গিয়েছিলেন সুবহান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী মো. আবদুল মতিন৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১১ মে সুবহান পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের গ্রামে গিয়েছিলেন৷ সেদিন পাকিস্তানি সেনাদের গুলিতে তাঁর ভাইসহ কয়েকজন নিহত হন৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল মতিন জবানবন্দি দেন৷ জবানবন্দিতে আবদুল মতিন (৭৬) বলেন, তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার কুলনিয়া গ্রামে৷ মুক্তিযুদ্ধকালে তিনি কাপড়ের ব্যবসা করতেন৷ একাত্তরের ১১ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনাদের আট-নয়টি গাড়ি তাঁদের গ্রামে ঢোকে৷ সাদা একটি গাড়িতে সেনাদের সঙ্গে আসেন সুবহান৷ পাকিস্তানি সেনারা গ্রামের চারদিক ঘিরে এলোপাতাড়ি গুলি করে৷ গ্রামের লোকজন ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে৷ তিনি (সাক্ষী),তাঁর ভাই সমুজুদ্দিন প্রামাণিক ও ভাবি রাহাতুন নেসাসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ির পাশের বাঁশবাগানে আত্মগোপন করেন৷ তিনি ভাই-ভাবির চেয়ে একটু দূরে ছিলেন৷ পাকিস্তানি সেনারা গুলি করলে তাঁর ভাই ও প্রতিবেশী হাসিনা সঙ্গে সঙ্গে মারা যান, ভাবি গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন৷ বিকেল চারটার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়৷ তিনি সেখানে ৮-১০ দিন চিকিৎসার পর মারা যান৷

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন,তাঁদের বাড়িতে হামলার পর পাকিস্তানি সেনারা খোদা বকসের বাড়িতে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া ওয়াজুদ্দিনকে গুলি করে হত্যা করে৷

পরে সুবহান ও পাকিস্তানি সেনারা দোগাছির দিকে যায়৷ দোগাছি বাজারের হরিপদ ও বেনুকে হত্যা এবং বাজারের পশ্চিম দিকের একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়৷ সেখানে আরও দুজনকে হত্যা করা হয়৷ এ ছাড়া দোগাছি গ্রামের চাঁদ আলী প্রামাণিকের বাড়িতে আগুন দেওয়ার পর চাঁদ আলীসহ চার-পাঁচজনকে হত্যা করা হয়৷ এসব তিনি লোকমুখে শুনেছেন৷ তবে খোদা বকসের বাড়িতে গিয়ে ওয়াজুদ্দিনের মরদেহ তিনি দেখেছেন৷
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় হাজির জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে শনাক্ত করেন রাষ্ট্রপক্ষের এই সাক্ষী৷ পরে তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷
কায়সারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আজ
একই ট্রাইব্যুনালে গতকাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী আম্বিয়া খাতুন ও ২৪তম সাক্ষী আনোয়ারা বেগমকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার৷ পরে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷