'পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল যেসব পুলিশ সদস্য ঢাকায় গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন, তাঁদের বিচার করতে হবে। রাজাকারদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীরা রাজপথ ছাড়বেন না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট চত্বরে গণজাগরণ মঞ্চ আয়োজিত পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে পতাকা মিছিল কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহ আলম, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, জেলার সরকারি কৌঁসুলি আবুল হাসেম, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, সাংবাদিক হাসান ফেরদৌস, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অধ্যাপক হোসাইন কবীর, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ।
এর আগে গতকাল বিকেলে নগরের চেরাগি মোড়ে গণজাগরণ মঞ্চে প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা পরিবেশন করেন ‘চিরকালের প্রমিথিউস’ শিরোনামে বৃন্দ আবৃত্তি।
উদীচী চট্টগ্রামের সদস্যরা উদ্দীপনামূলক গান করেন। এ সময় মঞ্চের সামনে ‘পাকিস্তানের প্রেতাত্মা এই বাংলায় থাকবে না’, ‘পাকিস্তানের বন্ধু যারা, বাংলাদেশের শত্রু তারা’, ‘মুক্তিযুদ্বের শত্রু তারা, রাজাকারের বন্ধু যারা’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
পরে চেরাগি মোড় থেকে পতাকা মিছিল বের করা হয়। এটি আন্দরকিল্লা, কোতোয়ালি হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। এখানে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের প্রতীকী কুশপুত্তলিকা ও পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।