'পাখিগুলোকে বাঁচাবে কে'
দুটি বিলের মাঝখানের গ্রাম। সেই গ্রামে গাছপালায় ঘেরা একটি বাড়ি, পাখিদের আশ্রয়। শীতের সন্ধ্যা নামার আগে আগে বিল থেকে উড়ে আসে পানকৌড়ি, বকের সারি। এসে বসে বাঁশবাগানে। এ ছাড়া অন্য গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে বসে হরেক রকমের পাখি। কলকাকলিতে মুখরিত হয় চারপাশ। এরপর নামে অন্ধকার। সব চুপচাপ। তারও অনেকক্ষণ পর হঠাৎ গুলির শব্দ। বাড়িটির কর্তা ছাড়াও কয়েকজন প্রতিবেশী ছুটে এসে দেখেন, গুলিবিদ্ধ কয়েকটি পাখি শিকারির হাতে। তাঁরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন। এক শিকারি তখন হুমকি দেন, বাধা দিলে পাখি নয়, গুলি করা হবে গৃহকর্তার বুকে।
ওই পাখিপ্রেমী গৃহকর্তার নাম নুরুল ইসলাম। বাড়ি যশোরের কেশবপুর উপজেলার পশ্চিম সারুটিয়া গ্রামে। গত শুক্রবার তাঁর বাড়িতে নুরুলের সঙ্গে কথা হয়। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক। পাখি ভালোবাসেন খুব। পাঁজিয়ার বিল ও বিল বুড়লিয়ার মাঝখানে তাঁর বাড়িতে শিশুগাছ, নারকেল, আম, তাল ও বাঁশবাগানে ঘুঘু, কুয়া মাছরাঙা, পানকৌড়ি, ভাসা শালিক, গাঙ শালিক, গোয়া শালিক, কয়েক প্রজাতির বকসহ কয়েক হাজার পাখি আশ্রয় নেয়। পাখিগুলো প্রতিবছর ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত থাকে। পাঁচ বছর ধরে আসছে এসব পাখি। কিন্তু গত বছর থেকে শিকারিদের উপদ্রব শুরু হয়েছে।
পাখি রক্ষায় নুরুল নিজ উদ্যোগে পাঁচটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে পাখি সংরক্ষণ এলাকা ঘোষণা করেছেন। এসব সাইনবোর্ডে লেখা, ‘পাখি আমাদের প্রাকৃতিক সম্পদ, পাখিকে বাঁচতে দিন, পাখিকে বাঁচান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ, পাখি শিকারীদের থানায় ধরিয়ে দিন’।
নুরুল বলেন, ‘এই পাখিদের জন্য বাড়ির পাশে একটি ডোবা তৈরি করেছি। এখানে পোনা মাছ ছেড়েছি। পাখিরা এসব মাছ খায়। বর্তমানে কিছু প্রভাবশালী ব্যক্তি বন্দুক ও এয়ারগান দিয়ে পাখি হত্যা করছেন। বিশেষ করে রাতে শক্তিশালী টর্চ জ্বালিয়ে গুলি ছুড়ে পাখি হত্যা করছেন প্রভাবশালীরা। সর্বশেষ গত সপ্তাহেও তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া কয়েকটি পাখি হত্যা করা হয়।’
নুরুল আরও বলেন, ‘গত বছরের জুন মাসেও পাখিশিকারিরা আমার উঠানের বাঁশবাগানের ৪০-৪৫টি মা পাখি হত্যা করে। এরপর আমার চোখের সামনে প্রায় দেড় শ পাখির ছানা মারা যায়।’ এই বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন নুরুল। চোখ মুছে তিনি বলেন, ‘ওই দুঃখে তখন প্রায় এক সপ্তাহ আমি ঠিকমতো খেতেও পারিনি। এখন আমি রাত জেগে পাখি পাহারা দিই। আতঙ্কে থাকি, পাখিশিকারিরা না আমার কোনো ক্ষতি করে। পাখিগুলোকে বাঁচাবে কে!’
নুরুল গ্রামবাসীকে নিয়ে পাখি সংরক্ষণ কমিটি গঠন করেছেন। তিনি ১৭ সদস্যের ওই কমিটির সভাপতি। কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, শীতের শুরু থেকে বেশ কিছু পরিযায়ী পাখি আসে। গ্রামের আরও কয়েকটি গাছে আশ্রয় নেয়। গ্রামের কেউ পাখি মারেন না। তবে মুশকিল হলো অন্য গ্রামের শিকারিদের নিয়ে।
কারা সেই প্রভাবশালী বন্দুকধারী শিকারি—এ বিষয়ে নুরুল কিংবা মাহাবুবুর কিছু বলতে নারাজ। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা বলেছেন, একই উপজেলার নারায়ণপুর গ্রামের সজিব বিশ্বাস, মিঠু বিশ্বাসসহ আরও কয়েকটি গ্রামের কয়েকজন শিকারি বন্দুক ও এয়ারগান দিয়ে পাখি শিকার করেন।
এ বিষয়ে মন্তব্য জানতে সজিব বিশ্বাস ও মিঠু বিশ্বাসের মুঠোফোনে গতকাল একাধিকবার রিং করলেও তাঁরা রিসিভ করেননি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কোনোভাবেই পাখি মারা যাবে না। যাঁরা মারবেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘যিনি পাখি সংরক্ষণ করেন, তাঁকে সাধুবাদ জানাই। পাখি সংরক্ষণে তাঁকে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা দেবে।’