'পাখি'র ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিপস্টিক, নেইলপলিশ, আলতা, চুড়ি, জুতা, জামা, গয়না, নূপুর, চুলের ফিতা—সবকিছুর নামই ‘পাখি’। ভারতীয় স্টার জলসা টেলিভিশন চ্যানেলের একটি ধারাবাহিকের প্রধান চরিত্রের নাম ‘পাখি’। সেই চরিত্রের নামেই নামকরণ করা হয়েছে এসব পণ্যসামগ্রীর। আর সিলেটের হাটবাজারে দেদার বিক্রিও হচ্ছে এসব পণ্য।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকেরা বিষয়টি ‘বিকৃত রুচি’ হিসেবে আখ্যায়িত করেছেন। সিলেটের বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত বলেন, ‘একটি সিরিয়ালের প্রভাব ব্যক্তির জীবনযাপনে এমনভাবে হওয়াটা কখনোই কাম্য নয়। পারিবারিক শিক্ষার মাধ্যমেই তা প্রতিরোধ করতে হবে।’
সরেজমিনে দেখা গেছে, নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, লামাবাজার, কালীঘাট ও লালদিঘিরপার এলাকার বিভিন্ন দোকানে ‘পাখি’ জাতীয় সামগ্রীর ছড়াছড়ি। পোশাক-পরিচ্ছদ, প্রসাধনী থেকে শুরু করে শিক্ষার্থীদের লেখাপড়ার খাতাসহ অন্তত ১২টি পণ্যে ‘পাখি’ চরিত্রের মোড়ক সাঁটিয়ে এসব সামগ্রী বিক্রি হচ্ছে।
লালদিঘিরপাড় এলাকার পাইকারি ব্যবসায়ী সবুর মিয়া জানান, সিরিয়ালটির নায়িকার ছবিসংবলিত সামগ্রীর চাহিদা খুবই বেশি। এ কারণে তার নাম দিয়ে নতুন নতুন সামগ্রী বাজারে আসছে। গতকাল সোমবার দুপুরে জিন্দাবাজার এলাকায় কথা হয় নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল বেগমের সঙ্গে। সে বলে, ‘বোঝে না সে বোঝে নার পাখি চরিত্রটি আমার প্রিয়। তাই এ নামের আলতা ও লিপস্টিক কিনলাম।’
কয়েকজন দোকানি জানান, প্রথমে বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের নামে পোশাক-পরিচ্ছদের নামকরণ করা হতো। ক্রেতাদের আসক্তি দেখে এখন অন্যান্য পণ্যের নামও এসব নায়িকার নামে করা হচ্ছে।