'পাগলা' কুকুরের কামড়ে আহত হয়ে ১০ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বেশ কয়েকটি ‘পাগলা’ কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ভ্যাকসিন না থাকায় তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কাজির চর গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৬৫), থেতরাই ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের আবদুস সামাদের ছেলে জহির উদ্দিন (৩৮), সাতদরগার হোকডাঙ্গা গ্রামের ছকিয়তুল্লার ছেলে হানিফ (৬৫), আবুল হোসেনের স্ত্রী সাহেরা খাতুন (৬০), মুজিবুর রহমানের মেয়ে সালমা (১৪), নজরুল ইসলামের মেয়ে নুশরাত (৪), কিশোরপুর গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী জোবেদা (৩৫), বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রামের নওশের আলীর স্ত্রী নুরুন্নাহার (৪৭), সৈয়দ আলীর মেয়ে সাবিনা আক্তার (১৫) এবং একজনের পরিচয় জানা যায়নি। বাড়ি থেকে বের হয়ে কাজে যাওয়ার সময় কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় তাঁরা কুকুরের কামড়ে আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাত দিনের ব্যবধানে কাজির চক, খেয়ার পাড়, সরদার পাড়া, নারিকেল বাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ব্যক্তিকে কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকায় ‘পাগলা’ কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কিছু এলাকায় গবাদিপশুও কুকুরের আক্রমণের শিকার হয়েছে বলে খবর পাওয়া যায়।

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপসহকারী আনোয়ারুল ইসলাম বলেন, কুকুর কামড়ানোর ভ্যাকসিন না থাকায় তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিদিন দুই থেকে তিনজন করে কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসছেন।

আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার বলেন, পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে।

বেওয়ারিশ কুকুর মারা বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন উলিপুর উপজেলা চেয়ারম্যান মো. হায়দার আলী।