'পাচার হওয়া' তরুণীকে ফেরত দিল ভারত
‘পাচারের শিকার’ এক বাংলাদেশি তরুণীকে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির মালদহ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি কুমিল্লা জেলার লাকসামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই তরুণীকে পরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখায় হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ ইমিগ্রেশন তল্লাশিচৌকি কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সানোয়ার হোসেন, মালদহ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন নওদা নিয়োগী।
মহিলা আইনজীবী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প আইনজীবী ইয়াসমিন আরা খুশী বলেন, প্রায় দেড় বছর আগে ওই তরুণীকে লাকসাম সীমান্তের ওপারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁকে মালদহ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করে। মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ হওয়ায় তাঁকে চিকিৎসা করিয়ে পশ্চিমবঙ্গের মালদহ জেলা শেল্টার হোমে রাখা হয়।
ওই তরুণীর পরিবার ঢাকায় মহিলা আইনজীবী সমিতির সঙ্গে যোগাযোগ করে। মহিলা আইনজীবী সমিতি বাংলাদেশে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে তাঁকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
ইয়াসমিন আরা বলেন, পরিবারের দাবি, ওই তরুণী পাচারের শিকার। দেশে সন্তানসহ তাঁর পরিবার আছে। তাঁকে যথাযথ অভিভাবকের কাছে ফেরত দেওয়া হবে।