‘পাট আমাগো গলার ফাঁস হইয়া উঠতেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের তুলনায় ফরিদপুরে এবার বেশি জমিতে পাট চাষ হয়েছে। অথচ বাজারে পাটের দাম নেই। তাই চাষিরা ক্ষুব্ধ ও হতাশ। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবার শুধু ভালো মানের পাট কেনার উদ্যোগ নেওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন বলে জানা গেছে। ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের পাটচাষি লুৎফর রহমান বলেন, ‘এ বছর এক বিঘা জমিতে পাট উৎপাদন করতে খরচ পড়েছে ১৮ হাজার টাকা। গত বছর যেখানে পাট উৎপন্ন হয়েছে ১০ মণ, এ বছর সেখানে হয়েছে মাত্র ছয় মণ। পাট বেড়ে ওঠার সময় রোদের প্রয়োজন। তার বদলে হয়েছে বৃষ্টি এবং শেষের দিকে বিছা পোকার আক্রমণের কারণে পাটের আঁশ শক্ত হতে পারেনি। ফলে পাটের ফলন কম হয়েছে।’ এ জন্য আগামীতে জমিতে আর পাট বপন করবেন না তিনি। উপজেলার ধুলদী গ্রামের চাষি রহিম মিয়া বলেন, ‘বাজারে পাট নিয়ে আইছিলাম। এ বছর পাট নিম্নমানের হইছে। গতবার সরকারি কেন্দ্র পাট কিনেছে। এবার কিনতে রাজি হয়নি। এই পাট নিয়া অহন কোথায় যাবো, কি করবো?’পাট বিক্রেতা মো. আলাউদ্দীন সরকার বলেন, ‘বিজেএমসি আগে দাম ঠিক কইরা পাট কিনত। এ বছর থেকে বাজারের দামের চেয়ে কম দাম দিতে চায়। তাই পাটের বাজার পইড়া গেছে। পাট আমাগো গলার ফাঁস হইয়া উঠতেছে।’খলিলপুর বাজারের বেসরকারি পাট ক্রেতা রণক এন্টারপ্রাইজের আবদুস সালাম জানান, প্রতি হাটে পাটের দাম পড়ে যাচ্ছে। ১৭ আগস্ট যে পাট মণপ্রতি বিক্রি হয়েছে এক হাজার ৮০০ টাকায়, ২০ আগস্ট ওই পাট এক হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। পাট অধিদপ্তর, ফরিদপুর সূত্রে জানা গেছে, গত বছর এ সময় ফরিদপুরে সরকারিভাবে চার লাখ মণ পাট কেনা হয়েছে। অথচ এ বছর ওই সময়ের মধ্যে সরকারিভাবে পাট কেনা হয়েছে মাত্র সোয়া লাখ মণ। পাট অধিদপ্তর, ফরিদপুরের মুখ্য পরিদর্শক (সিআই) তারিকুল ইসলাম জানান, এ বছর ফরিদপুর জেলায় এক লাখ ৪৫ হাজার একরে পাট চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ২১ হাজার একর বেশি। গত বছর একরপ্রতি পাট উৎপন্ন হয়েছিল ২০ মণ। সেখানে এ বছর একরপ্রতি পাট হয়েছে ১০ থেকে ১২ মণ। কিন্তু গত বছরের তুলনায় এ বছর দামের পতন ঘটায় চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। পাটের দাম মণপ্রতি দুই হাজার টাকা না হলে তাদের উৎপাদন খরচ উঠবে না।বিজেএমসির নিয়ন্ত্রণাধীন করিম জুট মিলের পাট বিভাগীয় প্রধান এ আর খান ইউসুফ জাঁই বলেন, ভালো পাট কারখানায় দিলে উৎপাদিত দ্রব্য ভালো পাওয়া যায়। এই লক্ষ্য থেকে এ বছর বিজেএমসি ভালো পাট কেনার উদ্যোগ নিয়েছে। প্রথম ধোয়ার সময়ই সাধারণত ভালো পাট পাওয়া যায়। তবে পরবর্তী সময় নিম্নমানের পাটও কেনা হতে পারে। আর নিম্নমানের পাটের ব্যাপারে আগামীতে সরকার নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে। পাটের দরপতনের জন্য বিজেএমসির কোনো হাত নেই দাবি করে তিনি বলেন, গতবারের চেয়ে চাষিরা এবার পাটের দাম ভালোই পাচ্ছে। গতবার তাঁরা এক হাজার ৩০০ টাকা মণ দরে পাট কেনা শুরু করেছিলেন। এবার তার চেয়ে বেশি দামে পাট কেনা হচ্ছে।