'পাট বেচি বেটির বিয়ে দিম তা-ও ভাসে গেইল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নোন (ঋণ) করে জমিত পাট লাগানু। ফলন দেখে, মনখান ভরি গেইল। পাট বেচে বেটির বিয়ে দিম, ভাত খামো। কিন্তু বানের পানিত হামার সব পাটের জাগ ভাসে গেইল।’ কথাগুলো ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাতাহাজরা গ্রামের কৃষক আনিছুল হকের।

উজান থেকে নেমে আসা ঢলে ঠাকুরগাঁওয়ের সব কটি নদ-নদীর পানি উপচে ঢুকে পড়ে বিভিন্ন এলাকায়। এতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।

সদর উপজেলার চিলারং ও আখানগর এবং হরিপুরের বসালগাঁও, সাতাহাজরা ও বকুয়া এলাকার কৃষকেরা জানান, তাঁদের রোপা আমন ও শাকসবজির আবাদ খেতেই তলিয়ে গেছে। শেষ ভরসা ছিল পাট। খেত থেকে কেটে তা জাগ দেওয়া ছিল। কিন্তু ঢলের তোড়ে ভেসে গেছে তা-ও।

হরিপুরের বসালগাঁও ও সাতাহাজরা গ্রামে পাট জাগ দিয়ে রেখেছিলেন দুই শতাধিক চাষি। বন্যায় সব জাগ ভেসে গেছে। সাতাহাজরা গ্রামের আমিনুর রহমান বলেন, বাঁধের পানিতে তিনি তিন বিঘা জমির পাট জাগ দিয়েছিলেন। পানি নেমে যাওয়ার পর দেখেন, জাগ দেওয়া পাট ভেসে গেছে। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ঢলে তাঁর এলাকার শতাধিক কৃষকের জাগ দেওয়া পাট ভেসে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ঠাকুরগাঁওয়ে এবার ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৩ হাজার ৩২৬ বেল পাট।

অধিদপ্তরের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, ঢলের পানিতে ৭ হাজার ৪৮৯ হেক্টর জমির আমন ও ৯৭ হেক্টর সবজির খেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তবে ঢলে ভেসে যাওয়া পাটের পরিমাণ এখনো জানা যায়নি।