‘পাটি বানাইয়া পেট চলে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে পাটি বানাইয়া সংসার চলছে ভালামতো। কিন্তু এখন আর চলে না, এর লাগি পুয়া-পুড়িনতরে ই লাইনো অনছি না।’কথাগুলো বলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার স্বানেশ্বর গ্রামের পাটিশিল্পী সুনীতি বালা দাস।সিলেটের শীতলপাটির কদর ছিল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের সব দেশে প্রবাসী বাঙালিদের কাছে খুবই প্রিয় এই শীতলপাটি। গরম থেকে একটু আরামের জন্য মানুষ যুগ যুগ ধরে শীতলপাটি ব্যবহার করে আসছে। এই পাটিশিল্পের বড় একটি কেন্দ্র ছিল সিলেটের বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের উলুউরি ও স্বানেশ্বর গ্রাম। কিন্তু বর্তমানে মুত্রাবন ও পাটির চাহিদা কমে যাওয়ায় পাটিশিল্পের দুর্দিন চলছে। তাই পূর্বপুরুষের এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন পাটিশিল্পীরা।বিয়ানীবাজার উপজেলার উলুউরি ও স্বানেশ্বর গ্রামের দাস সম্প্রদায়ের প্রায় ২০০ পরিবারের সাত শতাধিক নারী-পুরুষ নিয়জিত ছিল এই শিল্পের সঙ্গে। পাটি তৈরিই ছিল তাদের প্রধান পেশা। উলুউরি, স্বানেশ্বর ও বড়লেখা উপজেলার পানিশাওয়া, উজিরপুর, মিহারি, বুলুয়া, গোবিন্দপুর, বাগীরপাড় প্রভৃতি গ্রামের পাটিশিল্পীদের তৈরি পাটির ওপর নির্ভর করে দাসের বাজারে গড়ে উঠেছিল বিশাল পাটির হাট। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার বসত এই হাট।উলুউরি গ্রামের (৭০) বছর বয়সের প্রবীণ পাটিশিল্পী শুকেশ চন্দ্র দাশ জানান, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারেরা এই হাটে আসতেন পাটি কিনতে। সারা সপ্তাহে গ্রামে গ্রামে যে পাটি তৈরি হতো, তা সাবাড় হয়ে যেত নিমেষেই। অনেক পাইকার অগ্রিম অর্ডার দিয়ে যেতেন পাটির জন্য। এখন আগের মতো মুত্রাবেত নেই, পাটির চাহিদাও কমে গেছে, তাই পাটি তৈরি হয় না কোনো গ্রামেই। একসময় যারা পাটিশিল্পেই জিবিকা নির্বাহ করত, তারাও এখন শুধু এই পেশার ওপর নির্ভর করতে পারছে না।নৃকেশ চন্দ্র দাস (৫০) বলেন, একটি পাটি তৈরি করতে একজনের এক সপ্তাহ সময় লাগে, খরচ হয় ৪০০ থেকে ৬০০ টাকা আর বিক্রি হয় ৭০০ থেকে এক হাজার টাকা। তিনি বলেন ‘আগের মতো চাহিদা থাকলে এই দামই সঠিক, কিন্তু এখন তো চাহিদা কম, তাই এখন পাটি বানাইয়া পেট চলে না।’ পাটিশিল্পী বাসন্তী রানী দাস (৬৫) বলেন, ‘আগে পরিবারের সবাই মিলে পাটি তৈরি করেও পাইকারের চাহিদামতো পাটি তৈরি করতে পারতাম না, কিন্তু এখন সপ্তাহে দুটি পাটি তৈরি করেই বসে থাকতে হয়। বেশি পাটি তৈরি করলে বাজারে দাম কমে যায়, তাই বেশি তৈরি করি না।’সিলেটের পাটিশিল্পকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে নিতে হলে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলেন পাটিশিল্পীরা।