'পাঠ্যবই যেন ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষানীতি ও পাঠ্যবই যেন ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে নজরদারি রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আহলে সুন্নত ওয়াল জামাআত সমন্বয় কমিটি। এটি করা না গেলে দেশে জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করা যাবে না বলে সংগঠনের নেতারা মন্তব্য করেন। একই সঙ্গে ইসলাম অবমাননার যেকোনো তৎপরতা কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান আহলে সুন্নত ওয়াল জামাআত সমন্বয় কমিটির নেতারা। এতে লিখিত বক্তব্য পড়েন সমন্বয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য স উ ম আবদুস সামাদ। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন, মাওলানা এম এ মান্নান, তৈয়ব আলী, নুরুল ইসলাম, গোলামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠে বিভাগীয় সুন্নি মহাসমাবেশের আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে নাসিরনগরসহ বেশ কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর যে পরিকল্পিত হামলা হয়েছে, এতে জড়িত দুষ্কৃতকারী ও পরিকল্পনাকারীদের কঠিন শাস্তি দিতে হবে। একই সঙ্গে নিরীহ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দলমতের ঊর্ধ্বে উঠে দমন করতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে সব জঙ্গি হামলা ও হত্যার বিচার করতে হবে। জঙ্গি ও সম্প্রীতি বিনষ্টকারী চক্রের বিরুদ্ধে জাতীয় মোর্চা গঠন করতে হবে।