'পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা ঢোকানো হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইয়ে ভুল থাকা এবং ‘সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তির’ প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার মূলমন্ত্রই ছিল অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও সুকৌশলে পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা ও বৈষম্যমূলক বিষয় ঢোকানো হচ্ছে। এটি সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একাত্তরের পরাজিত শক্তির কাজ। অবিলম্বে এর হোতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এ ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরের চেরাগী পাহাড় মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক অজিত আইচ, খেলাঘরের সহসভাপতি অধ্যাপক বেনু কুমার দে, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি প্রবাল দে ও গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
সমাবেশে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে সিরাজুল ইসলাম বলেন, ‘আপনি দীর্ঘদিন প্রগতিশীল রাজনীতি করেছেন। এখন মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের মন্ত্রী। আপনার মন্ত্রণালয় থেকে যখন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো পাঠ্যপুস্তক বের হয় তখন আমাদের লজ্জা হয়। ভুল স্বীকার করে এর দায় এড়ানোর সুযোগ নেই। দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন।’
অধ্যাপক বেনু কুমার দে বলেন, পাঠ্যবইয়ে যেসব বিকৃতি করা হয়েছে তা সবার জন্য অশনিসংকেত। এই ঘটনার পেছনে যারা আছে, তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার চেরাগী পাহাড় মোড়ে ফিরে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।