'পাতানো' ধর্মঘট, ভোগান্তি

যাত্রীদের জিম্মি করে ‘পাতানো’ পরিবহন ধর্মঘট৷ আবারও ভোগান্তি৷ এবার এই ভোগান্তির শিকার রাজধানী ঢাকা, উত্তরবঙ্গের ১৬ জেলা ও বৃহত্তর ময়মনসিংহের আট জেলার মানুষ৷
মহাসড়ক থেকে নছিমন-করিমন-ভটভটি উচ্ছেদসহ কয়েকটি দাবিতে তিন দিন ধরে ধর্মঘট চলে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায়৷ গতকাল মঙ্গলবার রাতে তা স্থগিত করা হয়৷ একই দাবিতে গতকাল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আট জেলায় ভোর থেকে ধর্মঘট শুরু হয়ে বিকেলে স্থগিত করা হয়৷
আর ঢাকায় অটোরিকশার মালিকেরা ধর্মঘট পালন করেন এর বয়সসীমা বৃদ্ধির দাবিতে৷ দাবি আদায় হলেও গতকাল রাত ১০টা পর্যন্ত ধর্মঘট স্থগিত বা প্রত্যাহার হয়নি৷ আজ বুধবার বিআরটিএর সঙ্গে তাদের বৈঠক রয়েছে৷
ধর্মঘটের কারণে ঢাকার গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে তিন দিন ধরে উত্তরের ১৬ জেলায় যানবাহন চলেনি৷ মহাখালী টার্মিনাল থেকে গতকাল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেও বাস চলেনি৷ ভোগান্তির শিকার যাত্রীদের অনেকেই কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ভিড় করেন৷
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নছিমন-করিমন-ভটভটি উচ্ছেদের দাবি এক যুগের পুরোনো। সরকার এই দাবি মেনেও নিয়েছে। কিন্তু আর্থসামাজিক ব্যবস্থার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না৷ সরকারের এই দুর্বলতা জেনে মালিক-শ্রমিকেরা অন্য যেকোনো দাবি আদায়ে নছিমন-করিমন বন্ধের দাবিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। উত্তরবঙ্গের দুই বিভাগে ও ময়মনসিংহে ধর্মঘট এরই অংশ।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ওই এলাকাগুলোতে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের কাছে গুরুত্ব পাওয়ার লক্ষ্যেই মালিক-শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। দাবি পূরণ হবে না জেনেও কয়েক দিন পর পর এই ‘পাতানো’ ধর্মঘট পালনের মাধ্যমে যাত্রীদের হয়রানিতে ফেলা হয়। অতীতে দেখা গেছে, নছিমন-করিমন বন্ধের মতো দাবি সামনে রেখে মালিক-শ্রমিকেরা মন্ত্রণালয় বা সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠকে বসেন৷ এসব বৈঠকে পরিবহনের ভাড়া বৃদ্ধি, চাঁদা আদায়, সহজ শর্তে চালকের লাইসেন্স প্রাপ্তির বিষয়ে তাঁরা বেশি সোচ্চার হন৷ অতীতে যতবারই ধর্মঘট ডাকা হয়েছে, ততবারই নছিমনের পাশাপাশি নতুন নতুন দাবি যুক্ত করে তা আদায়ে চাপ প্রয়োগ করা হয়৷
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্ষমতা চাই না৷ ন্যায্য দাবিতে ধর্মঘট ডাকি৷ সরকার আশ্বাস দিলে স্থগিত করি৷ এখানে পাতানোর কিছু নেই; বরং সরকার দাবি বাস্তবায়ন করতে পারে না৷’
গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ অঞ্চলের ধর্মঘট প্রত্যাহার করা হয়। রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়ায় বৈঠক করে গত রাতে ৬ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়৷
এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ে বিআরটিএর চেয়ারম্যানসহ পরিবহন খাতের নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, ধর্মঘট প্রত্যাহারের জন্য বলা হয়েছে। সরকার দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে। উচ্চপর্যায়ের বৈঠক হবে৷
পরিবহন খাতের একাধিক নেতা জানান, যোগাযোগ, স্বরাষ্ট্র ও নৌপরিবহন, স্থানীয় সরকারসহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে এক সপ্তাহের মধ্যে বৈঠক করা হবে—এমন আশ্বাস দেওয়া হয়েছে ধর্মঘট আহ্বানকারীদের। এর পরই তাঁরা ধর্মঘট প্রত্যাহারে তৎপর হন। আসলে মন্ত্রণালয়ে ডেকে বৈঠক করা হবে এবং সেখানে নছিমন-করিমনের পাশাপাশি অন্য দাবি তুলে ধরা হবে, এটাই মূলত ধর্মঘটের উদ্দেশ্য। নৌমন্ত্রী শাজাহান খান শ্রমিকদের এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান মালিকদের শীর্ষ নেতাও।
ঢাকার অটোরিকশার মালিকদের ধর্মঘটও অনেকটা পাতানো। সরকার আগেই মালিকদের দাবি মেনে অটোরিকশার বয়সসীমা চার বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গতকাল কিছু শর্ত সাপেক্ষে মালিকদের এই দাবি মেনে নিয়ে তার প্রজ্ঞাপন প্রকাশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দাবি আদায় হলেও সরকার মালিকদের ডাকেনি—এটা তাঁরা মেনে নিতে পারছেন না। এ জন্য তাঁরা দিনভর দৌড়ঝাঁপ করেন বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার জন্য।
চালুর পর থেকেই ঢাকায় যাত্রী হয়রানির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করলেও সিএনজিচালিত অটোরিকশার চালক-মালিকদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সরকার; বরং চালক-মালিকেরা ধর্মঘট করে যাত্রীস্বার্থবিরোধী দাবি আদায় করে নিয়েছেন।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, একই দাবিতে মালিকেরা গত মাসেও একবার ধর্মঘট করেন। তখন যোগাযোগ মন্ত্রণালয় বৈঠক করে মালিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করার জন্যই মূলত মালিকেরা গতকালের ধর্মঘট ডাকেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গতকালের ধর্মঘট ছিল ‘পাতানো’। কারণ মালিকেরা জানতেন, সরকার তাঁদের দাবি আগেই মেনে নিয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, গত মাসে মালিক-শ্রমিকদের নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বৈঠকে মিটার অনুযায়ী যেকোনো গন্তব্যে চলাচলের বিষয়টি নিশ্চিত করার জন্য চাপ দেওয়া হয়নি। উল্টো মালিকদের দাবি মেনে নেওয়া হয়েছে।
এদিকে ধর্মঘটের প্রতিবাদে গতকাল বিক্ষোভ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ, ঢাকা অটোরিকশা-অটোটেম্পো-মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়ন। এরা জানায়, মালিকদের ডাকা ধর্মঘট অবৈধ এবং এটা যাত্রীস্বার্থের পরিপন্থী।