'পাতানো নির্বাচনে' গিয়ে 'কোলাবোরেটর' হতে চান না এরশাদ

ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিরোধী দলকে বাদ দিয়ে ‘পাতানো নির্বাচনে’ অংশ নিয়ে তিনি ‘কোলাবোরেটর হিসেবে’ মরতে চান না। মহাজোটে থেকে জাপা আগামী নির্বাচনে অংশ নেবে না বলেও তিনি মন্তব্য করেছেন।
আজ রোববার দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় জাপার চেয়ারম্যান এসব কথা বলেন।
সভায় এরশাদসহ গুরুত্বপূর্ণ নেতারা আশঙ্কা প্রকাশ করেন, আগামী সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে এবং বিরোধী দলকে ছাড়াই নির্বাচন দেওয়া হতে পারে। এতে একটি বড় ধরনের সংকট ও অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে।
সভায় নেতাদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘বিরোধী দলকে বাদ দিয়ে পাতানো নির্বাচনে অংশ নিয়ে আমি কোলাবোরেটর হিসেবে মরতে চাই না।’
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি অন্য কয়েকটি ছোট দলের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছে। তা যদি সম্ভব না হয়, তখন অন্য কোনো জোটের সঙ্গেও সম্পর্ক হতে পারে। কিন্তু মহাজোটে থেকে আমরা নির্বাচন করছি না।’
রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে এরশাদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টার এ বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতা রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের, জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ সভাপতিমণ্ডলীর ৩৮ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় রওশন এরশাদ প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় পার্টি এ পর্যন্ত তিনবার আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। বিনিময়ে পার্টি কী পেয়েছে, সে প্রশ্ন তোলেন তিনি। এ সময় গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের চেয়ারম্যানের যখন-তখন নেতাদের বহিষ্কার করা, কারণ দর্শানোর নোটিশ দেওয়া, দলের সাংসদ থাকা অবস্থায় নতুন মুখকে মনোনয়ন দেওয়া, একবার মনোনয়ন নিয়ে আবার বাদ দেওয়া—ইত্যাদির সমালোচনা করেন।
সভায় আগামী নির্বাচনে দলের জন্য উপযুক্ত প্রার্থী খোঁজা, দলকে সংগঠিত করার জন্য অক্টোবর মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ২২ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি দলের অঙ্গ সংগঠনগুলোর সম্মেলন ও পুনর্গঠনের জন্য তিন মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়।
জাপার দলীয় সূত্র জানায়, দলের সভাপতিমণ্ডলীর আগের সভায় এরশাদকে মহাজোট ছাড়ার তাগাদা দিয়েছিলেন বেশির ভাগ নেতা। আজকের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক সূত্র জানায়।
জানতে চাইলে জাপার সভাপতিমণ্ডলীর একজন গুরুত্বপূর্ণ সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, মহাজোট ছাড়ার বিষয়ে আগে দু-একজনের ভিন্নমত থাকলেও এখন সবাই এ বিষয়ে একমত। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আছে, কেবল কার্যকরের অপেক্ষা। সবাই এখন কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বৈঠক শেষে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার আগামী নির্বাচনে কয়েকটি ইসলামি দলের সঙ্গে জাতীয় পার্টি জোট করার চেষ্টা করছে বলে সাংবাদিকদের জানান।