‘পাথরখেকোদের’ দখলে শ্মশানঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামবস্তি ও পিয়াইনপার এলাকায় শ্মশানঘাট দখল করে পাথর উত্তোলনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জমির মালিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শ্মশানঘাটের জমির মালিকেরা জানান, তাঁদের এলাকার একমাত্র শ্মশানঘাটটি জাফলংয়ের কিছু পাথর ব্যবসায়ী দখলে নিয়ে জমি থেকে পাথর উত্তোলনের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এতে বাধা দিলে ব্যবসায়ীরা তাঁদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন। ‘পাথরখেকো’ চক্রটি প্রভাবশালী হওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক ভূঁইয়া বলেন, শ্মশানঘাট রক্ষার জন্য ইউএনও ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।ইউএনও ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দিয়েছি। পাথরখেকোদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’