'পানি উৎসব'-এ মেতেছিল তারাগঞ্জের মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলাজুড়ে ঘণ্টাব্যাপী চলল এক অন্য রকম ‘পানি উৎসব’। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ যোগ দিল এ উৎসবে। স্থানীয় প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার উপজেলার ১৫৩টি রাস্তায় লাগানো গাছে পানি দেয় তারা।
পানি উৎসবে অংশ নেওয়া বুড়িরহাট গ্রামের আয়েশা খাতুন বলেন, ‘ইউএনও স্যারের কথাত আগোত সউক রাস্তাত গাছ নাগাছি। এল্যা সোবায় মিলি সেই গাছগুলাত পানি দেনো। গাছগুলা বড় হইলে হামারে লাভ হইবে। গাছের ফল খামো, গাছ বিক্রির টাকারও ভাগ পামো।’
পানি উৎসবে অংশ নেওয়া বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউএনও জিলুফা সুলতানার উদ্যোগে গত ১ সেপ্টেম্বর ১৫৩টি রাস্তায় এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়। ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওয়ায় ৩০ হাজারের বেশি মানুষ ওই চারা রোপণ করে। এতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানসহ পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
পানি উৎসবে যোগ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধ ও বৃহস্পতিবার মাইকিং করে আহ্বান জানানো হয়। এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও ১০টি সভা করেন। ওই সভায়ও গাছে পানি দেওয়ার আহ্বান জানানো হয়। সেই উদ্যোগে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গতকাল সকাল নয়টার আগে জগ-বালতি, প্লাস্টিকের বোতল, বদনা নিয়ে নিজ নিজ এলাকার রাস্তায় গিয়ে দাঁড়ায়। ঘড়ির কাঁটায় ৯টা বাজার সঙ্গে সঙ্গে তারা পুকুর-নালা থেকে পানি এনে গাছে দেয়। সকাল ৯টায় পাঁচ ইউনিয়নের পাঁচ স্থানে একযোগে এই পানি উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো মানুষ গাছে পানি দেওয়ার উৎসবে মেতে উঠেছে। কেউ বালতি-জগে পুকুর-নালা থেকে পানি আনছে, আর কেউ তা গাছের গোড়ায় দিচ্ছে। রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সিমা খাতুনও মেতেছিল গাছে পানি দেওয়ার উৎসবে।