'পানি খালি বলবার নাগছে, কনে যামু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পানি খালি বলবার (বাড়ছে) নাগছে। ভয় নাগতাছে। কনে যামু। এক মাস থাইকা পানি আছি। কেই খোঁজ নেয় না। হামরা গরিব মানুষ। কাম নাই কাজ নাই। কেমন কইরা চলি।’
এসব কথা দিনমজুর আবু বক্করের। তাঁর বাড়ি ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী নতুন মশাল চরে।
গতকাল শনিবার দুপুরে পৌরসভার জিগাবারী নৌকা ঘাট থেকে শ্যালো নৌকায় ব্রহ্মপুত্র নদে নতুন মশাল চরে যাই। যাওয়ার সময় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। নদীর দুই পাশে গ্রামের অসংখ্য বাড়িতে পানি উঠেছে। উজান থেকে তীব্র বেগে পানির স্রোত এসে চারদিক প্লাবিত করছে। মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি আর তীব্র বাতাসে ঢেউ এসে নৌকায় আছড়ে পড়ছে।
দূর থেকে চরটি দেখে মনে হয় দ্বীপের মতো। পানিতে ভাসছে। কাছে গিয়ে চোখে পড়ে, কাশখেত (কাশিয়া খেত)। ভেতরে প্রায় অর্ধশত ঘরবাড়ি। ভালো করে না দেখলে বোঝার উপায় নেই যে এখানে ঘরবাড়ি আছে। সব বাড়িতে পানি উঠেছে। কোনো কোনো ঘরে কোমর পানি। এ সময় একটি ছোট ডিঙিনৌকায় মেয়ে ও নাতিকে নিয়ে এসে আবু বক্কর আকুতি করে বলেন, ‘স্যার, আমার নামটা ল্যাহেন। পোলাপানগো নিয়া কষ্টে আছি। এক মাসের উপরে পানিতে। জমান যা আছিল সব শ্যাষ। ধার-কর্জ কৈরা চলতাছি। এখন তা-ও বন্ধ। চরে হগলতে গরিব নদীভাঙা মানুষ। কামলা ও মাছ ধরে চলে। পানি হওয়াতে মাছ পাওয়া যায় না। কাম-কাজ নাই।’
নৌকায় বসা আবু বক্করের মেয়ে মনোয়ারা বলেন, ‘স্বামী কাজ করতে ঢাকায় গেছে। ঘরে খাবার নাই। কেমন কইরা চলি। মেয়ে মানুষের বন্যার মধ্যে চলাফেরা, পায়খানা, গোসলসহ নানা সমস্যা। নলকূপ অর্ধেক পানিতে ডুইবা আছে। হেই পানি খাইতে হয়। দুই-একজনের পেটের অসুখ। স্যালাইন আনবো হেই উপায় নাই। ডিঙিনৌকা দিয়া তো আর গাং পাড়ি দেওন যায় না।’
নবিরন বেগম বলেন, ‘স্বামী বন্যার আগে টাঙ্গাইল গেছে কামে। যাওয়ার সময় ধারে ট্যাকা লইয়া কিছু দিয়া গেছিল। সব শ্যাষ। ক্যামনে চলুম।’ এ সময় হাসিনা, ময়নাল ও সাজাহান তাঁদের নানা সমস্যার কথা বলেন। সহিদুল ইসলাম বলেন, ‘এবার পানির ভাব-গতি ভালা না। পানি খুব বাড়তাছে।’
জেলার নয়টি উপজেলার ৬৫টি ইউনিয়নের নদ-নদীতীরবর্তী ৪২০টি চর বন্যার পানিতে পুরো তলিয়ে রয়েছে। ব্রহ্মপুত্র পারের বন্যাকবলিত গ্রাম বালাডোবা, খুদিরকুঠি, পোড়ারচর, মশাল চর, চর মোহম্মদ, চর ফকির মোহম্মদ, বতুয়াতুলি, আক্কল মামুদ, চিতুলিয়া, দৈখাওয়া, চেরাগের আলগা, জাহাজের আলগা, চরদুগাপুর, সাহেবের আলগা, গেন্দার আলগা, কাজিয়ার চর ও সুখের বাতির চর ঘুরে মানুষের চরম দুর্ভোগ চোখে পড়ে।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ড সাত দিন থেকে পানিতে তলিয়ে আছে। মাত্র চার মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এখনো বিতরণ করা হয়নি। আতঙ্কে আছি, এত অল্প চাল কীভাবে বিতরণ করব। প্রতিদিন দুই শ থেকে তিন শ মানুষ শুধু খাবারের জন্য আসছে। এক কথায় খাদ্যের জন্য হাহাকার বিরাজ করছে। আমরা নিরুপায়।’
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, ‘এবার পানির গতি ভালো মনে হচ্ছে না। গতবার পানি চার দিন স্থায়ী ছিল। এবার প্রায় এক মাস। ৬ জুলাই থেকে পানি ওঠানামা করছে। গত বছরের চেয়ে ব্রহ্মপুত্রের পানি পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে। উজানে বন্যা ও বৃষ্টি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ছাড়া জেলায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ১৬টি নদনদীর পানি বাড়ছে। পানি নেমে যেতে পারছে না। আশপাশের নদীর তলদেশ ভরাট এবং অপরিকল্পিতভাবে যত্রতত্র সেতু নির্মাণ করায় পানি অন্যান্য নদীতে যেতে পারছে না। এখন আমাদের বন্যা পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত।’