‘পানি চিকিৎসায়’ গেল প্রাণ
মাদ্রাসাশিক্ষকের ভুয়া চিকিৎসায় প্রাণ হারিয়েছেন গৃহবধূ পল্লবী বেগম (৪০)। গত সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায়। পুলিশ, এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, মাছিমদিয়া মহল্লার গোলাম মোস্তফার স্ত্রী পল্লবী বেগম (৪০) কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁকে জিনে ধরেছে ভেবে গোলাম মোস্তফা স্ত্রীর চিকিৎসার জন্য সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের শম্ভুডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আতিয়ার রহমান মোল্যাকে গত সোমবার সকালে বাড়িতে নিয়ে আসেন। গোলাম মোস্তফার ভায়রা ফরিদ মোল্যা জানান, আতিয়ার প্রথমে সুতা পড়া দিয়ে ভালো করতে না পেরে একপর্যায়ে সবার সামনেই পল্লবীর মুখমণ্ডলে গামছা পেঁচিয়ে মাথায় পানি ঢালতে থাকেন। তিন দফায় প্রায় ১৫ মিনিট ধরে এভাবে পানি ঢালার পর পল্লবী নিস্তেজ হয়ে পড়েন। বিকেল চারটার দিকে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। গোলাম মোস্তফা বলেন, ‘আমি স্ত্রীর চিকিৎসার জন্য এই “ফকির” (আতিয়ার) এনে ভুল করেছি।’ সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান জানান, মৃত অবস্থায় পল্লবীকে হাসপাতালে আনা হয়। এভাবে দীর্ঘ সময় মুখমণ্ডল ঢেকে পানি ঢাললে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে।সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনার সময় নিহতের স্বামী, ভগ্নিপতি ফরিদ মোল্যা, ছেলে নাহিদ, মেয়ে জুঁই উপস্থিত ছিল। পুলিশ সোমবারই আতিয়ারকে আটক করেছে।থানার কর্তব্যরত কর্মকর্তা অনীল মুখার্জী গতকাল মঙ্গলবার বিকেলে জানান, এ ঘটনায় কেউ মামলা না করায় আতিয়ারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।