'পানি না সরালি আর জীবন চলে না'

‘মাটির ঘর ডুবে গিয়ে ভেইসে গেছে। আর যা কিছু ছেলো সব এহন পানির নিচি। পানি না সরালি এভাবে আর জীবন চলে না।’
কথাগুলো বলছিলেন যশোরের জলাবদ্ধ জনপদ অভয়নগরের ভুক্তভোগী বাসিন্দা আমিনা ইসলাম। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে মানববন্ধনে অভয়নগরের অবস্থা তুলে ধরেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ। তিনি বলেন, অভয়নগরের স্কুল-কলেজ-মসজিদ-মন্দির-কবরস্থান-শ্মশানঘাট এখন পানির নিচে। তাদের দুর্দশা না দেখলে বোঝা যায় না। মানুষের দাবি ছিল তাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া হোক। তা না করে দাবি উপেক্ষা করে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৫ অক্টোবর পানিনিষ্কাশনের দাবিতে অভয়নগরের নওয়াপাড়ায় আয়োজিত সমাবেশে পুলিশ হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।
মানববন্ধন সঞ্চালনা করেন অভয়নগর নিয়ে কাজ করা ঢাকার সংগঠন ‘আমরা অভয়নগরবাসী’র সংগঠক ইমরান গাজী। মানববন্ধনে নিজেদের দুরবস্থার কথা তুলে ধরেন অভয়নগরের আবদুল গফুর, যত্ন বেগম, অভয়নগর ডুমুরতলার শিবপদ বিশ্বাস। সংহতি জানিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং মোস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশের সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাহিদ আহমেদ। আরও সংহতি জানায় ঢাকার সংগঠন ‘আমরা অভয়নগরবাসী’।
মানববন্ধনে বক্তারা ভবদহ দ্রুত পানি সরানো, টিআরএম চালু এবং জলাবদ্ধ মানুষের ওপর হামলাকারী পুলিশের বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশ কামনা করেন।