‘পানি পাচ্ছি না, বিল গুনতে হচ্ছে ঠিকই’
সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুর কলোনির কামরুল ইসলাম বলেন, ‘মাসের পর মাস পানি পাচ্ছি না, কিন্তু বিল গুনতে হচ্ছে ঠিকই। পানির সংযোগ বিচ্ছিন্ন করে নেব সিদ্ধান্ত নিয়েছি।’ একই ধরনের কথা বলেন শহরের কুকরালি এলাকার সাদেক আলী ও বাঁকাল এলাকার আবদুর রশিদ।ইতিমধ্যে পানির সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছেন কুকরালি এলাকার আবদুল লতিফ, বাঁকাল এলাকার মো. কামালউদ্দিন, মোর্শেদ হোসেন, আবদুল মুহিত, জাহিদুর রহমানসহ কয়েকজন। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ ধরে খাওয়ার পানির সংকটের কারণে পৌরবাসী অতিষ্ঠ হয়ে এখন বিকল্প পথ খুঁজছেন। কাটিয়া, সরকারপাড়া, লস্করপাড়া, মাঠপাড়া, মুনজিতপুর, কামালনগর, কুকরালি, বাগানবাড়ী, বাঁকাল, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলোনি, রসুলপুর, কামারপাড়া, থানাঘাটা, পলাশপোলের একাংশ, মধুরমোল্যার ডাঙ্গীসহ শহরের অধিকাংশ এলাকার বাসিন্দা দিনের পর দিন পানি পাচ্ছে না। অনেকে সংযোগ বিচ্ছিন্ন করে নিজ উদ্যোগে বাড়িতে নলকূপ বসিয়েছেন। এসব নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক আছে জেনেও তাঁরা বাধ্য হয়ে তা পান করছেন। আরও অনেকেই তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করার কথা ভাবছেন।শহরের মুনজিতপুর এলাকার গ্রাহক নাজমুন নাহার বলেন, ‘দিনের পর দিন পানি পাচ্ছি না। ফেব্রুয়ারি মাসেই এ অবস্থা। এ রকম হলে এপ্রিল মাস থেকে এক ফোঁটা পানিও পাওয়া যাবে না। সাংবাদিকদের বাড়িতে ঠিকমতো পানি পান বলে মনে হয়, এ জন্যই তো আপনারা পত্রিকায় সমস্যার কথা তুলে ধরেন না।’ একই ধরনের কথা বলেন পুরাতন সাতক্ষীরার আশরাফুন্নাহার।পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক সেলিম সরোয়ার জানান, শহরে ২৮টি উন্মুক্ত কলসহ (ট্যাপ) পানির গ্রাহক সংখ্যা ছয় হাজার ৮০০। এসব গ্রাহকের প্রতিদিন পানির চাহিদা প্রায় ১১ হাজার ঘন মিটার। ছয়টি পাম্প মেশিন দিয়ে প্রতিদিন সর্বোচ্চ সাত হাজার ৫০ ঘনমিটার পানি সরবরাহ করার ক্ষমতা রয়েছে। আরও নতুন সংযোগের জন্য আবেদন পড়ে আছে দুই হাজার ৪০০টি। কিন্তু পানি উত্তোলন ও সরবরাহের পরিমাণ বাড়ানো যায়নি। বর্তমান অবস্থায় ঘণ্টায় সাধারণত ১০০ ঘনমিটার পানি সরবরাহের কথা থাকলেও পাইপে মরিচা পড়ায় ৩৫ থেকে ৫০ ঘনমিটারের বেশি সরবরাহ হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে আসন্ন গ্রীষ্মে পানির সমস্যা আরও বাড়বে। তবে পানি সরবরাহ পাইপের মরিচা পরিষ্কারের চেষ্টা চলছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ২০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আরও কয়েকজন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেছেন।নবনির্বাচিত পৌর মেয়র এম এ জলিল বলেন, ‘ইতিমধ্যে যেভাবেই হোক পানি সমস্যা সমাধানের জন্য পানি বিভাগের সংশ্লিষ্টদের বলেছি। এ জন্য কিছু অকেজো খুচরা যন্ত্রাংশ পরিবর্তন করার উদ্যোগও নেওয়া হয়েছে।’