তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ গতকাল বুধবার সন্ধ্যায় রংপুরে পৌঁছেছে।
ভারতের কাছ থেকে তিস্তাসহ অভিন্ন নদীর পানির নায্য হিস্যা আদায়ের দাবিতে ও সরকারের ‘নতজানু নীতির’ প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় সমাবেশ শেষে এ কর্মসূচি শুরু করে গণতান্ত্রিক বাম মোর্চা।
মঙ্গলবার রাত বগুড়ায় কাটানোর পর লংমার্চ গতকাল সকালে বগুড়া ছাড়ে। রংপুর পর্যন্ত পথে চারটি পথসভা হয়। সন্ধ্যায় রংপুরে পৌঁছানোর পর হয় একটি সমাবেশ। লংমার্চ রাতে রংপুরে অবস্থানের পর সকালে আবার তিস্তা ব্যারাজ অভিমুখে রওয়ানা হবে। তিস্তা ব্যারাজের অবস্থান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে।
গতকাল সকালে বগুড়া শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের আশপাশ মিছিল-স্লোগানে প্রকম্পিত করে তোলেন রোডমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীরা। তাঁদের কণ্ঠে ছিল ‘যে বন্ধুত্বে পানি নাই, সে বন্ধুত্ব দরকার নাই’, ‘বন্ধুত্ব, না পানি, পানি-পানি’, ‘পানি পানি পানি চাই, তিস্তায় পানি চাই’—এমন সব স্লোগান।
সকালে বগুড়ার সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক আবদুস ছাত্তার, বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশ চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক, গণতান্ত্রিক বাম মোর্চার বগুড়া শাখার সমন্বয়ক সামছুল আলম প্রমুখ বক্তব্য দেন।
জোনায়েদ সাকি জানান, কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পথে প্রচারপত্র বিলি, স্লোগান, গণসংগীত পরিবেশন করা হবে।