‘একবার বানের পানিত তলে গেনু, এ্যালা ড্যানডারাত (সমস্যা) তলে গেছি হামরা।’ গত শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার পশ্চিম পাটোয়ারীপাড়ার মোমেনা বেগম (৬৫) এসব কথা বলেন।
শনিবার সরেজমিনে সৈয়দপুর পৌরসভার কুন্দল, পাটোয়ারীপাড়া, কাজীপাড়া, নতুন বাবুপাড়া, বাঁশবাড়ী, মিস্ত্রিপাড়া, বানিয়াপাড়া, হাতিখানা ও মুন্সিপাড়া, খাতামধুপুর ইউনিয়নের মুশরত, ময়দানপুর ও খালিশা, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া, তিনপাই ও ডাঙ্গি, কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী, কুজিপুকুর ও কামারপুকুর, বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী, লক্ষ্মণপুর ও বয়েতপাড়া এবং বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর, জানেরপাড় ও বসুনিয়াপাড়া গ্রামে বন্যার ভয়াল চিত্রের দেখা মেলে। ওই সব এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার পর সেখানে জেগে উঠেছে বিধ্বস্ত জনপদ।
সৈয়দপুর শহর রক্ষা বাঁধ ভেঙে ১৩ আগস্ট প্রথম বন্যাকবলিত হয় শহরের পশ্চিম পাটোয়ারীপাড়ার গ্রামটি। গ্রামটির পুরোটাই অন্তত ৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। ওই গ্রামের বাসিন্দাদের অধিকাংশই আশ্রয় নেয় পাশের খড়খড়িয়া নদীর উঁচু বাঁধে।
বাঁধে আশ্রয় নেওয়া দিনমজুর হোসেন আলী বলেন, ‘হামার ড্যানডারার শেষ নাই বাহে। কাইল (শুক্রবার) পানি নামার পর বাড়িত আসি দেখো সউগ (সব) নষ্ট হয়া গেইছে। বাড়িটাও ভাঙি গেইছে। যখন ধুরাত (তাঁবু) আছিনু তখন কয় দিনে সরকার হামাক ১২ কেজি চাইল দিছে। ৫০০ করি টাকাও দিছে। কিন্তু ওইলা (এগুলো) দিয়া কি আর প্যাটের ভোক (ক্ষুধা) মেটে? এখন আমাদের কে খাওয়াবে? কে বানিয়ে দেবে ঘরবাড়ি?’ ঘর মেরামতের জন্য তিনি সরকারের সাহায্য দাবি করেন।
সৈয়দপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। ৫০০ হেক্টর জমির রোপা আমন খেত তলিয়ে গেছে। ১৫ কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। শহর রক্ষা বাঁধের দুই জায়গা ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনটি স্থানে বাঁধ ভেঙে গেছে। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের ২৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। এসবে ২ হাজার ৫০০ মানুষ আশ্রয় নেয়। তবে উপজেলায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
ইউএনও বজলুর রশীদ বলেন, এরই মধ্যে আশ্রয়কেন্দ্র ছেড়ে অধিকাংশ মানুষ বাড়ি ফিরেছে। বাকিরা রোববারের মধ্যে বাড়ি ফিরে যাবে। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তা নির্মাণ করে দেবে।