
বিষণ্ন মুখে মই, কোদাল ও ছাতা নিয়ে জমি থেকে রাস্তায় উঠছিলেন মো. শরীয়তুল্লাহ (৫৫)। পেছনে তাঁর ছোট মেয়ে ফাতেমা খাতুন (১৩)। বাপ-বেটি দুজনের শরীরই কাদামাটিতে একাকার। বন্যার পানি নেমে যাওয়ায় তাঁরা জমি থেকে পচা আবর্জনা সরিয়েছেন। আড়াই বিঘার এই জমিই সম্বল শরীয়তুল্লাহর। তাতে ধান চাষ করে ঠেলেঠুলে সংসারের চাকা সচল রাখেন। কিন্তু এবারের বন্যায় জমির পুরো আমন খেত পচে গেছে।
শরীয়তুল্লাহ বললেন, ‘ধান বিক্রি করিয়া সউগ খরচ চলবার নাগে, কুলায় না। এবার ১০ হাজার টাকা ঋণ নিয়া আড়াই বিঘাত আমন ধান গাড়ছিনু। বানের পানিত ডুবিয়া সউগ পচি গেইচে। এ্যালাও ধান গাড়লে কিচুটা হইবে। কিন্তু বেচন (ধানের চারা) কোনোটে নাই।’ এখন কী হবে? কিছুক্ষণ নিরুত্তর থেকে বললেন, ‘সুদের ওপর টাকা নিয়া চলবার নাগবে। এই জীবন এ্যাঙ্কা টানাহেঁচড়া করতে করতে একদিন নিভি যাইবে।’ বলেই চোখের পানি মুছতে মুছতে মেয়ের ঘাড়ে হাত দিয়ে রাস্তা ধরে চলতে লাগলেন তিনি।
রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার উত্তরের গ্রাম গোবরগাড়ীর বাসিন্দা শরীয়তুল্লাহ। গ্রামটি মধুপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। মধুপুরের পাশাপাশি দামোদরপুর, রামনাথপুর ও লোহানীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত তিন দিন ঘুরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য চোখে পড়ে। মাঠের পর মাঠ আমন খেত বানের পানিতে পচে নষ্ট হয়ে গেছে। অথচ এসব এলাকার কৃষকেরা ধান চাষের ওপরই নির্ভরশীল। তাঁরা এক মৌসুমের ধান বিক্রি করে পাওয়া অর্থ পরের মৌসুমের আবাদে লাগান। বাকিটা দিয়ে সংসার চালান।
গোবরগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম ইটভাটায় কাজের পাশাপাশি জমি বর্গা নিয়ে ধান চাষ করেন। এবার এক বিঘা জমিতে আমন চাষ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে সব পচে গেছে। বন্যায় কাঁচা বসতঘর দুটিও ধসে পড়েছে। তাঁর স্ত্রী গৃহবধূ বুলবুলি বেগম (৩০) বললেন, ‘বাড়ি থাকি শান্তি উটি গেইচে। চাইরটা ছইল স্কুল-কলেজোত পড়ে। ইটের ভাটাও বন্ধ। কাজকাম নাই। খাই কী? এবার আবাদ তো হইলোই না। জমির মালিকোক ধান দেমো কোনটে থাকি? চিন্তায় মানুষটা (স্বামী) মাথাত হাত দিয়া বসি থাকে।’
গোবরগাড়ী গ্রামে ঢুকে দেখা গেল, বন্যার পানি নামলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। কাঁচা সড়কগুলোও ভেঙেচুরে একাকার। গ্রামের অর্ধশতাধিক কাঁচা বসতভিটা ধসে পড়ছে। ভেসে গেছে পুকুরের মাছ। পুরো গ্রামে এখনই অভাব দেখা দিয়েছে।
বদরগঞ্জ-লালদীঘি সড়কেরধারে চাপড়ার দোলা। এখানে অন্তত ৫০০ একরজুড়ে ধান চাষ হয়। ১৫ দিন আগেও দোলায় আমন খেতের সবুজের সমারোহ দেখে চোখ জুড়াত। সেই চাপড়ার দোলা এখন যেন এক বিরানভূমি। কৃষক মহসেন আলীর দুই বিঘা জমি আছে ওই দোলায়। গত মঙ্গলবার বিকেলে তিনি হতাশাকণ্ঠে বললেন, ‘বেচন নাই। এ্যালাও ধান গাড়লে হইত। হামরা তো কারও ঘরোত হাতও পাইতপার পারি না। এবার ছইল-পইল নিয়া না খায়া থাকার নাগবে।’
মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়নাল হক বলেন, কৃষক এবারের বন্যায় যে ক্ষতির মুখে পড়েছেন, তা আগামী পাঁচ-সাত বছরেও তা পোষাতে পারবেন বলে মনে হচ্ছে না।
পাশের দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি গ্রামের কৃষক নজরুল ইসলাম (৫৫) ৪০ হাজার টাকা খরচ করে আড়াই একর জমিতে আমন ধানের চাষ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে ডুবে সব শেষ। পচে দুর্গন্ধ ছড়ানো আমন খেতে যাওয়াই ছেড়ে দিয়েছেন তিনি।
লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান রাকিব হাসান মো. ডলু শাহ্, কুতুবপুর ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান, রামনাথপুর ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলে জানা যায়, এসব ইউনিয়নেও বন্যায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এসব কৃষককে এবার বাঁচা-মরার লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।
বদরগঞ্জ উপজেলা কৃষি বিভাগের হিসাবেই এবারের বন্যায় উপজেলার ৩৩ হাজারের বেশি কৃষক ক্ষতির শিকার হয়েছেন। তবে বেসরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আরও অনেক বেশি।
উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, বদরগঞ্জে ১৯ হাজার ৪৮০ হেক্টর জমিতে এবার আমন চাষ হয়েছিল। পানিতে তলিয়ে যায় প্রায় নয় হাজার হেক্টর। তবে কিছু কৃষক জমিতে পুনরায় চারা রোপণ করছেন। কেউ কেউ নতুন করে বীজতলাও তৈরি করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চারা রোপণ করলেও ধান কিছুটা হবে।