‘পানির দামে আলু বেচমু হেই পাইকারও পাই না’
‘বাবা, আল্লায় তো ফলন দেছেলে, কিন্তু দাম নাই। রাহি (সংরক্ষণ) কইর্যা যে ব্যাচমু, হেই ব্যবস্থাও মোগো এলাকায় নেই। হেইতে পানির দামে বেচি। উপায় তো নেই, লোকসান অইলেও করমু কী?’ বরগুনার পাথরঘাটা উপজেলার রূপদোন গ্রামের বৃদ্ধ আবদুস সালাম আলু নিয়ে তাঁর অসহায়ত্বের কথা এভাবেই বলছিলেন। পাথরঘাটায় সালামের মতো কয়েক শ কৃষক হাজার হাজার মণ আলু নিয়ে এমন দুর্দশায় আছেন।উপজেলায় এ মৌসুমে আলু চাষে এলাকার হাজার হাজার কৃষকের মনে সমৃদ্ধির নতুন স্বপ্ন উঁকি দিলেও তা এখন ফিকে হয়ে গেছে উপযুক্ত দাম না পেয়ে। কূপদোন এলাকার আমিনুল বলেন, ‘পানির দামে আলু বেচমু, হেই পাইকারও পাই না। দিনকে দিন ঘরে আলু পচতে আছে, আর মোগো কপাল পোড়তে লাগজে।’কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবার দুই লাখ ৭৬ হাজার মণ আলু উৎপাদিত হয়েছে। কাকচিড়া ইউনিয়নের রূপধন গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকেরা আলু বিক্রি করতে না পেরে মাঠের পর মাঠ স্তূপ করে রেখেছেন। রূপধন গ্রামের আলুচাষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘এবার কাকচিড়া ইউনিয়নে প্রায় ২৫০ একর জমিতে একরপ্রতি ২৭০-২৯০ মণ পর্যন্ত আলু হয়েছে। প্রতি একরে উৎপাদন ব্যয় হয়েছে ৭৫ হাজার ৫০০ টাকা। বর্তমানে আলু ২৭০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ঘাটতি বাদ দিয়ে এখন আমাদের লাভ থাকছে না। উৎপাদন বেশি হওয়ায় বর্তমানে কেউ আলু কিনতেও চাইছেন না। ফলে আমরা হাজার হাজার মণ আলু নিয়ে বিপাকে আছি। প্রতিদিন অনেক আলু পচে যাচ্ছে। ঋণ নিয়ে চাষাবাদ করে কৃষকেরা ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন।’সরেজমিনে রূপদোন, কূপদোন ও আসপারসহ ১০-১২টি গ্রাম ঘুরে দেখা গেছে, এসব গ্রামের এমন একটা বাড়ি নেই যেখানে প্রতিদিন গড়ে দেড়-দুই মণ আলু পচছে না। পচা আলু স্তূপ করে রাখা হয়েছে। কৃষকেরা এগুলো গরু-ছাগলকে খেতে দিচ্ছেন। এসব এলাকার চাষিরা জানান, আলু কেনার মতো কোনো পাইকার পাচ্ছেন না। এখন কী দিয়ে ঋণ শোধ করবেন, কী দিয়ে সংসার চালাবেন, সেই চিন্তায় সবাই দিশেহারা।রূপধন গ্রামের আলুচাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলায় প্রচুর আলু উৎপাদিত হলেও এখানে কোনো হিমাগার নেই। ফলে এলাকার শত শত আলুচাষি আলু নিয়ে বিপাকে পড়েন।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাকিম জানান, আলুর মূল্য না পাওয়ায় কৃষকেরা আলু চাষে নিরুৎসাহিত হয়ে পড়ছেন।