'পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করা হয় না'
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি। আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো পার্থক্য করি না। সব শিক্ষার্থীই আমাদের সন্তান ও ভবিষ্যৎ।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার বিকেলে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক বিরাট সম্ভাবনাময় উচ্চ শিক্ষার খাত হিসেবে গড়ে উঠেছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রায় এক লাখ বেশি। বর্তমানে প্রায় এক হাজার ৬৩০ জন বিদেশি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এটা বৃদ্ধি পাবে। অনেক প্রতিষ্ঠান মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শুধু শিক্ষা ও জ্ঞান দান বা অর্জনই শেষ কথা নয়, প্রকৃতপক্ষে দায়িত্বশীল মানুষ হতে হবে। মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে।
সমাবর্তন বক্তৃতায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, উচ্চশিক্ষালাভ নাগরিকদের অধিকার। এটা নিতান্ত ভ্রান্ত ধারণা। উচ্চশিক্ষা কেবলমাত্র মেধাবীদের অধিকার। মেধা ও যোগ্যতা না থাকলে উচ্চশিক্ষা নেওয়ার আশা বিড়ম্বনা মাত্র। তিনি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার যত চাহিদা, উচ্চশিক্ষিতের চাহিদা তত নেই। ফলে অনেক উচ্চশিক্ষিতের ভাগ্যে জোটে বেকারত্ব, অনেকে এমন ক্ষেত্রে চাকরি করতে যান, তাঁর অধীত বিদ্যার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। অবশ্য অধীত বিদ্যার ক্ষেত্রেই কারও কর্মক্ষেত্র সীমাবদ্ধ থাকবে, এমন কথা নেই। স্নাতকদের আজীবন বিদ্যাচর্চার জন্য নিজেদের প্রস্তুত রাখতে আহ্বান জানান তিনি।
পঞ্চম সমাবর্তনের এই আসরে উত্তরা ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এক হাজার ৬৩৬ জন অংশ নেয়। এবারের সমাবর্তনে পাশ করা ছয়জনকে সোনার মেডেল দেওয়া হয়। এ ছাড়াও চ্যান্সেলরস, ট্রাস্টি ও ডিন ক্যাটাগরিতে ১৫০ জনকে সনদ ও পদক দেওয়া হয়।
ইংরেজি বিভাগ থেকে সদ্য স্নাতক করা মো. মাইনুল ইসলাম পেয়েছেন চ্যান্সেলরস অ্যাওয়ার্ড। তিনি প্রথম আলোকে বলেন, ভালো ফলাফলের ইচ্ছে ছিল। কিন্তু কখনো ভাবিনি এই অ্যাওয়ার্ড পাব। চার বছরের কষ্ট, বাবা-মার দোয়া, শিক্ষকদের সহযোগিতা সব মিলিয়ে এই প্রাপ্তি।