'পারলে এই শহরই ছেড়ে চলে যেতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস
নিহত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস

বাসার সামনেই ছেলেটাকে নির্মমভাবে পেটায় সন্ত্রাসীরা। সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করে। চলে যাওয়ার সময় গুলি করে। সেই দৃশ্য মনে এলে এখনো ভয়ে কাঁপেন। সে কারণেই নগরের দক্ষিণ নালাপাড়ার বাসায় আর যাননি। কয়েক দিন আগে বাসাটি ছেড়েই দিয়েছেন।

চট্টগ্রামে নিহত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসের বাবা মেঘনাথ বিশ্বাস গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বললেন, ‘পারলে এই শহর ছেড়েই চলে যেতাম। আরেক ছেলের পড়ালেখা শেষ হয়নি। তাই যেতে পারছি না।’

গতকাল বিকেলে নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় গিয়ে দেখা যায়, দেয়ালে সুদীপ্ত হত্যার বিচার চেয়ে পোস্টার সাঁটানো রয়েছে। সুদীপ্তের পরিবার এখানকার যে বাসায় ভাড়া থাকত সেটি মেরামত করা হচ্ছে। ৩২ বছর আগে এই ভাড়া বাসায় ওঠে পরিবারটি। এটি ছিল টিনের ছাউনি আর বেড়ার ঘর।

গত ৬ অক্টোবর সকালে ওই বাসার সামনে সুদীপ্তকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এর কিছুক্ষণ আগে তাঁকে বাসা থেকে ডেকে নেয় তারা। ওই দিন বেলা সাড়ে ১১টায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর আর সেই বাসায় ফেরেননি মা-বাবা। এখন তাঁরা এক আত্মীয়ের বাসায় আছেন।

সেখানেও আতঙ্কে দিন কাটছে পরিবারটির। ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বলেন, ‘কখন আবার কী হয়ে যায় ভয়ে ভয়ে আছি। আরেক ছেলেকে হারাতে চাই না। এ কারণেই বাসা ছেড়েছি।’ এত দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কোথায়, কার কাছে গেলে বিচার পাব? যেভাবে তদন্ত এগোচ্ছে বিচার দেখে যেতে পারি কি না সন্দেহ।’

সুদীপ্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। খুনের ঘটনায় মেঘনাথ বিশ্বাস সদরঘাট থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে মোক্তার হোসেন ও ফয়সাল আহমেদ ওরফে পাপ্পু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। বাকি দুজন আমির হোসেন ওরফে বাবু ও খাইরুল ইসলাম ওরফে খায়েরও জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার চার আসামি সুদীপ্তকে নগরের লালখানবাজার এলাকার এক বড় ভাইয়ের নির্দেশে খুন করার কথা বললেও সেই বড় ভাইকে শনাক্ত করে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। লালখানবাজার এলাকারই আরেক যুবক আইনুল কাদের ওরফে নিপু। আইনুলও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁকে ধরতে পারলে সেই বড়ভাইকে শনাক্ত করতে পারবে বলে জানায় পুলিশ।

খুনের নির্দেশদাতা সেই বড় ভাইকে শনাক্তের জন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা নগরের সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, আইনুলসহ কয়েকজনকে গ্রেপ্তার করলে রহস্য উদ্‌ঘাটিত হতে পারে।