‘পারিবারিক’ সেতুর বৈধতা দিতে ফসলি জমিতে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে সড়ক না থাকার পরও নির্মাণ করা হচ্ছে সেতু। আর এ সেতুর বৈধতা দিতে ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এ জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় খাদ্যশস্যও বরাদ্দ করা হয়েছে। আর এসব কাজের সুপারিশ করেছেন স্থানীয় সাংসদ।সাংসদের ঘনিষ্ঠ একটি পরিবারের সদস্যদের যাতায়াতের সুবিধার জন্য সেতু ও রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার জানখারকান্দি গ্রামের।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানা গেছে, উপজেলার বিলাসপুর ইউনিয়নের জানখারকান্দি গ্রামের ফজলুল হক খানের বাড়ির সামনে খালের ওপর ৩৩ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করার জন্য শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজামেঞ্চল হক গত বছরের ২৫ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চাহিদাপত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনওর কার্যালয় প্রকল্পটি অনুমোদনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠায়। ওই অধিদপ্তর প্রকল্পটি অনুমোদন করার পর গত ২ জানুয়ারি ইউএনওর কার্যালয় সেতু নির্মাণের দরপত্র চূড়ান্ত করে।গত ১৭ জানুয়ারি ইউএনওর কার্যালয় শিফাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে এটি নির্মাণের কার্যাদেশ দেয়। এ জন্য ২১ লাখ ৭০ হাজার ৭৬৪ টাকা বরাদ্দ করা হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুভাষ চন্দ্র বল জানান, সাংসদদের সুপারিশ থাকলে ওপর থেকে তাঁদের ওপর প্রকল্প অনুমোদন দেওয়ার নির্দেশনা আছে। এ কারণে সেতু নির্মাণের প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্থানে সড়ক না থাকায় সেতুর বৈধতা দিতে ফজলুল হক খানের বাড়ির পেছন থেকে পাশের চেরাগআলী বেপারীকান্দি গ্রামের পাকা সড়ক পর্যন্ত আধা কিলোমিটারে কাঁচা রাস্তা নির্মাণ করা হবে। এ জন্য কাবিখা প্রকল্পের আওতায় আট মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিতে স্থানীয় সাংসদ গত বছরের ১ নভেম্বর প্রকল্প তালিকা ইউএনওর কার্যালয়ে পাঠান। কাবিখা জেলা কমিটির সভায় ১৩ ডিসেম্বর প্রকল্পটি অনুমোদন করা হয়। রাস্তা নির্মাণ করা হলে চেরাগআলী বেপারীকান্দি গ্রামের আলম হাওলাদার, জাহাঙ্গীর আলম, সিরাজ হাওলাদার, চুন্নু সরদার, সেলিম সরদার, গফুর সরদার ও খলিল খানের ফসলি জমি নষ্ট হবে। তাই রাস্তা নির্মাণ না করার জন্য তাঁরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।খলিল খান বলেন, ‘এ জমিতে বছরে তিনটি ফসল হয়। এ ফসল বিক্রির আয় দিয়ে জীবিকা নির্বাহ করি। রাস্তা নির্মাণ করলে জমি নষ্ট হয়ে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসে যাব।’ফজলুল হক খান বলেন, ‘স্থানীয় সাংসদ আমাদের ঘনিষ্ঠজন। বাড়ি থেকে যাতায়াত করার জন্য একটি সেতু নির্মাণের অনুরোধ করেছি। তাঁর ইচ্ছায়ই সেতুটি নির্মাণ করা হচ্ছে।’ বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, ‘কাবিখার বরাদ্দ নিয়ে এ রাস্তা নির্মাণের বিষয়ে আমি কোনো মতামত দিইনি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কাবিখা প্রকল্পের আওতায় নতুন রাস্তা নির্মাণ করতে হলে জমির মালিকদের এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের লিখিত অনাপত্তি থাকতে হবে। আর নীতিমালা অনুযায়ী রাস্তা না থাকলে সেতু নির্মাণ করা সম্ভব নয়। এ সেতুটি নির্মাণ করার জন্য একটি রাস্তা প্রয়োজন। এ কারণে কাবিখা প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের জন্য আট মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।জাজিরার ইউএনও ভিখারুদৌল্লা চৌধুরী বলেন, ‘স্থানীয় সাংসদের চাহিদাপত্রের পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটির জন্য রাস্তা প্রয়োজন। তাই খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। রাস্তা নির্মাণের জায়গার মালিকদের আপত্তির বিষয়টি আমার জানা নেই।’এ বিষয়ে সাংসদ বি এম মোজ্জামেল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।