'পারুল'ই তামিলনাড়ুর পার্বতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতী
পার্বতী

—উন পেরু এন্না? (তোমার নাম কী?)
—পার্বতী।
—উন ভিডু এঙ্গে? (তোমার বাড়ি কোথায়?)
—থিরুনিলভেলি, তামিলনাড়ু।
অপরিচিত ভাষার কারণে তিন বছর ধরে ‘পারুলের’ নাম-পরিচয় জানা যায়নি। গত বুধবারই প্রথম জানা গেল, তিনি ভারতীয় নাগরিক, তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।
‘পারুল’ বর্তমানে রাজশাহী সেফ হোমে আছেন। ২০১২ সালে তাঁকে এখানে আনা হয়। তবে তিনি বাংলাদেশে আসেন ২০১০ সালে। কিন্তু কীভাবে এলেন, তা বলতে পারছেন না।
গত বুধবার রাজশাহীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ছিল পারুলের বিষয়টি। ভারতের মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার শ্রী সি সুধাকর ও জেলার ম্যাজিস্ট্রেট শ্রী ওয়াই রত্নাকারা রায় বৈঠকে যোগ দেন। সুধাকরের বাড়ি তামিলনাড়ু, আর রত্নাকারার অন্ধ্র প্রদেশে।
রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, তাঁরা পারুলের কথা শুনে প্রথমেই আন্দাজ করেছিলেন, তাঁর ভাষা দক্ষিণ ভারতের কোনো রাজ্যের হতে পারে। এ জন্য তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের দুই কর্মকর্তাকে পারুলের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা।
পরিকল্পনা অনুযায়ী, দুই কর্মকর্তাকে সেফ হোমে নেওয়া হয়। সেখানে সুধাকর তাঁর মাতৃভাষায় প্রশ্ন শুরু করলে সঙ্গে সঙ্গে পারুল জবাব দিতে শুরু করেন। রহস্যের জট খুলে যায় এত দিনের। দুজনের তামিল কথোপকথনে বেরিয়ে আসে পারুলের প্রকৃত পরিচয়।
জানা যায়, পারুলের প্রকৃত নাম পার্বতী। বাবার নাম সিলাতুদামা। মা কল্যাণী। বাড়ি তামিলনাড়ুর থিরুনিলভেলি শহরে। স্বামী মারা গেছেন। কোনো সন্তান নেই তাঁর। তবে কীভাবে বাংলাদেশে এলেন, তা বলতে পারছেন না।
যোগাযোগ করলে মুর্শিদাবাদের পুলিশ সুপার সুধাকর প্রথম আলোকে বলেন, পার্বতীর সবকিছু মনে নেই। শুধু এটুকু বলতে পেরেছেন, তিনি একটি ট্রেনে উঠেছিলেন। তারপর কীভাবে দিনাজপুরে এলেন, তা বলতে পারছেন না।
সুধাকর বলেন, তিনি দেশে ফিরে গিয়ে তামিলনাড়ুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়ে চিঠি লিখবেন। তিনি পার্বতীকে সেফ হোমে ভালো রাখার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সেফ হোমের উপতত্ত্বাবধায়ক সিদ্দিকা সোহেলী রশীদ বলেন, দিনাজপুর কোতোয়ালি থানার ২০১০ সালের একটি মামলার সূত্র ধরে পার্বতীকে ২০১২ সালের ২৪ জুলাই রাজশাহী সেফ হোমে পাঠানো হয়। সেই থেকে তিনি এখানে আছেন। ভাষা না বোঝার কারণে তাঁকে এখানে ‘পারুল’ নামেই ডাকা হতো। বয়স ৪০-এর কাছাকাছি। অনেক চেষ্টা করেও তাঁরা পার্বতীর ভাষা উদ্ধার করতে পারেননি। ফলে এত দিন তাঁর পরিচয়ও জানা যায়নি।