'পার্বত্য চট্টগ্রামকে দেশের সবচেয়ে আকর্ষণীয় স্থানে পরিণত করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিগত বৈচিত্র্যে ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পার্বত্য চট্টগ্রাম এমনিতেই আকর্ষণীয়। এই পার্বত্য চট্টগ্রামকে দেশের সবচেয়ে আকর্ষণীয় স্থানে পরিণত করা হবে। সে জন্য সবার অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
গুণীজন সংবর্ধনার পাশাপাশি বান্দরবান প্রেসক্লাব মিলনায়তন আধুনিকায়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের সাবেক জেলা প্রশাসক নাজমুল আলম সিদ্দিকী, বর্তমান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, সেনাবাহিনী বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন হায়দার খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের প্রবীণ ছয় সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন এ কে এম মকছুদ আহমদ, বাদশা মিয়া, তরুণ কুমার ভট্টাচার্য, এ কে এম জাহাঙ্গীর, সাখাওয়াত হোসেন ও জিতেন বড়ুয়া। এ ছাড়া বান্দরবানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্রা মারমা, বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, আঞ্চলিক পরিষদ
সদস্য শফিকুর রহমান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ
দাশ ও বান্দরবানের সাবেক জেলা প্রশাসক নাজমুল আলম সিদ্দিকী।