'পার্বত্য চট্টগ্রামে এনজিও কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে এনজিও কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে না, সহিংসতা-উত্তর অঞ্চল হিসেবে এখানে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। 

বান্দরবানে আজ সোমবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এ কথা বলেছেন। এনজিওগুলোর কাজের ‘নিবিড় পর্যবেক্ষণের’ কারণ হিসেবে তিনি বলেন, এখানে পরিবেশ-পরিস্থিতি এখনো কিছু মহল অশান্ত করার চেষ্টা করছে। কিছু জনগোষ্ঠীকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত করার তৎপরতার অভিযোগও পাওয়া যায়।

আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় বান্দরবানের এনজিও তাজিংডংয়ের এনার্জি গ্লোব পুরস্কার অর্জন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নব বিক্রম ত্রিপুরা। জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার একটি অবকাশ যাপন কেন্দ্রে আজ সকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন তাজিংডংয়ের সভাপতি মংথোয়াই মারমা।
তাজিংডংয়ের ধরিত্রী (আর্থ) ক্যাটাগরিতে এনার্জি গ্লোব পুরস্কার প্রাপ্তি সম্পর্কে তুলে ধরে অংশৈসিং মারমা বলেন, সারা বিশ্বে এনার্জি গ্লোব ফাউন্ডেশনের পুরস্কারকে প্রাকৃতিক পরিবেশের ওপর নোবেল পুরস্কার অভিহিত করা হয়। সামাজিক অংশগ্রহণে পরিবেশ ও মৌজাবন সংরক্ষণে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে এ পুরস্কার বাংলাদেশকে দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে মরক্কোর মারাক্কাশে গত ১০ নভেম্বর এনার্জি গ্লোব পুরস্কার ঘোষাণা করা হয়। এতে বান্দরবানের তাজিংডং সামাজিক অংশগ্রহণে বন ও পরিবেশ সংরক্ষণের অবদানের জন্য ধরিত্রী ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে।
প্রধান অতিথি নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পরিবেশ সুরক্ষায় পার্বত্য চট্টগ্রামের ঝিরি-ঝরনা বা পানির উৎস থেকে পাথর উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন অবৈধভাবে উত্তোলন ও পরিবহন অনেকাংশে কমে গেছে।