আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছর পার্বত্যবাসীর জন্য হতাশাজনক। সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও বাস্তবায়ন-প্রক্রিয়া মোটেই সন্তোষজনক নয়। আদিবাসী নেতারা এসব কথা বলছেন। আদিবাসী নেতারা বলছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১২ সালে আদিবাসী দিবস উদ্যাপন বিষয়ে সরকারের গোপন বিজ্ঞপ্তি সরকারের প্রতি আদিবাসীদের আস্থাহীনতা বাড়িয়েছে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, চার বছরের কার্যক্রমে সরকারের প্রতি মানুষ আস্থাহীন হয়ে পড়ছে। এখন সবাই ক্ষুব্ধ ও হতাশ। সরকার অনেক কিছু দাবি করলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি মোটেও দৃশ্যমান নয়।পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি: সরকার ক্ষমতায় আসার পরপরই পার্বত্য চুক্তির আওতায় গঠিত বিভিন্ন কমিটি ও পরিষদ পুনর্গঠন করা হয়। কিন্তু চার বছরে এসব কমিটি ও পরিষদ কার্যকর হয়নি। চার বছরে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির পাঁচটি সভা হয়েছে। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ পার্বত্য এলাকার সার্বিক পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সে কারণে পার্বত্যবাসী হতাশ। তবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করলে আগামী এক বছরে উল্লেখযোগ্য অনেক কিছু করতে পারে।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস করা হয় ২০০১ সালে। কিন্তু পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি কমিশন আইনের ২৩ ধারা বিরোধাত্মক বলে অভিযোগ ওঠে। সরকার ক্ষমতায় আসার পর অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে প্রধান করে কমিশন পুনর্গঠন করে। ভূমি কমিশন চেয়ারম্যানের তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর এখন চেয়ারম্যানের পদটি শূন্য রয়েছে। অপর দিকে, গত বছরের ৩০ জুন সরকার ও আঞ্চলিক পরিষদ পার্বত্য ভূমি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনের ব্যাপারে একমত হয়। তবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা জানান, এই সরকারের চার বছরসহ প্রায় ১০ বছর পর ভূমি কমিশন আইন সংশোধনে সম্মত হয় সরকার। তবে আর কোনো অগ্রগতি হয়নি।শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স: খাগড়াছড়ি থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ যতী লাল ত্রিপুরাকে চেয়ারম্যান করে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। কিন্তু টাস্কফোর্স অকার্যকর থাকায় শরণার্থীদের জমি ফেরত দেওয়া ছাড়াও এক লাখ ২৫ হাজারের বেশি অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের কাজে কোনো অগ্রগতি হয়নি। জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা অভিযোগ করেন, বর্তমান সরকারের চার বছরে টাস্কফোর্সের সভা হয়েছে মাত্র তিনটি। সর্বশেষ সভা হয়েছিল ২০১১ সালের ২৬ জানুয়ারি। সে সভার কার্যবিবরণীও এ পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাছে পাঠানো হয়নি।সরকারি বিভাগ হস্তান্তরে সভা: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গত বছরের ১ থেকে ৩ জুলাই পর্যন্ত পার্বত্য জেলা পরিষদগুলোর হস্তান্তরযোগ্য সরকারি বিভাগের সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে সভা করেন। ওই সভায় ৩০ আগস্টের মধ্যে সব বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবে তা হয়নি। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা জানান, পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে চারটি মন্ত্রণালয়ের পাঁচটি বিভাগ হস্তান্তর করা হয়েছে। শিগগিরই আন্তমন্ত্রণালয় সভা করে আরও কিছু বিভাগ হস্তান্তর করা হবে।