‘পার্বত্য চুক্তি বাস্তবায়নের বড় বাধা সংঘাত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আহসাব উদ্দিন বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের বড় বাধা আঞ্চলিক সংগঠনগুলোর সশস্ত্র সংঘাত। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার যা করবে, তাতে সেনাবাহিনী সব সময় সহযোগিতা দেবে।রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভিজা কিজিং সেনাক্যাম্প পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে আলোচনার সময় মেজর জেনারেল মোহাম্মদ আহসাব উদ্দিন এসব কথা বলেন।চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার কারণে সেনাক্যাম্প প্রত্যাহার করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের একটি অংশ। দেশের অন্য স্থানে সেনাক্যাম্প থাকতে পারলে পার্বত্য চট্টগ্রামে কেন থাকতে পারবে না? শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ৫০১ কিলোমিটার সড়ক নির্মাণ ও দুই শতাধিক বিদ্যালয় প্রতিষ্ঠা করছে। পরে তিনি স্থানীয় দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন এবং বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী কেনার জন্য ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুদ্দিন, জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা, নারী ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন প্রমুখ।