‘পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে সংঘাত বাড়বে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির (জেএসএস) চেয়ারম্যান সন্তু লারমা বলেছেন, পার্বত্যাঞ্চলের সমস্যা দূর করতে হলে পার্বত্য চুক্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে পার্বত্যাঞ্চলের সংঘাত বাড়তে থাকবে। পার্বত্য চুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন সন্তু লারমা। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ব্র্যাক সেন্টার ইনে ‘পার্বত্য শান্তি চুক্তির ১৫ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ শিকদার। সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে চায়। পার্বত্য জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট যেসব বিষয় এখনো পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি বলে তিনি সেগুলো হস্তান্তরের তাগিদ দেন। জেএসএসের চেয়ারম্যান উল্লেখ করেন, এসব বিষয়ের মধ্যে রয়েছে পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, বন, পরিবেশ ও জুম চাষ। এ বিষয়গুলো পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে সন্তু লারমা বলেন, ‘সরকার চাইলে ছয় মাসের মধ্যেই বিষয়গুলো হস্তান্তর করতে পারে। বর্তমান সরকারের মেয়াদেই শান্তি চুক্তির বাস্তবায়ন হবে বলে পার্বত্যাঞ্চলের জনগণ এখনো আশা করে।’ পার্বত্যাঞ্চলের বিষয়সহ জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে রাজনীতিবিদদের ওপর চাপ দিতে হবে বলে অভিমত দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, নেতারা যদি পার্বত্য চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন, তবে বাস্তবায়ন-প্রক্রিয়া গতি পাবে। পার্বত্যাঞ্চলের স্থায়ী অধিবাসী এবং জনসংহতি সমিতির সদস্যদের বিরুদ্ধে পার্বত্য চুক্তির আগে করা ৭২০টি মামলা প্রত্যাহার না করায় মানবাধিকার কমিশন চেয়ারম্যান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, সরকার যেখানে রাজনৈতিক হয়রানিমূলক হাজার হাজার মামলা প্রত্যাহার করেছে, সেখানে এ মামলাগুলো প্রত্যাহার না করায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন তথ্য কমিশনার সাদেকা হালিম, গণ-ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, অধ্যাপক মেজবাহ কামাল, অর্থনীতিবিদ আবুল বারকাত, আইনজীবী সারা হোসেন প্রমুখ।