‘পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে কি না, সেটা এখন বড় ধাঁধা’
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন কিংবা ওই চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তিসহ অন্যান্য সমস্যার সমাধান হবে কি না, সেটা এখন এক বড় ধাঁধা। অর্পিত সম্পত্তি আইন বাতিলের মতো ওই বিষয়গুলো নিয়েও ভূতের খেলা চলছে।এ কথা বলেছেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন ২০০১ সংশোধন ও পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার সকালে এই আলোচনা সভায় মেনন বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও অর্পিত সম্পত্তি আইন বাতিল—এ দুই ক্ষেত্রেই একবার যা করার সিদ্ধান্ত নেওয়া হয়, তা আবার উল্টে যায়। আবার তা সঠিক জায়গায় আনতে হয়। এই ভূতের খেলা কত দিন চলবে, বলা যায় না।অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় কাপেং ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা উপস্থাপিত মূল প্রবন্ধে ভূমি কমিশন আইন ও তা সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সরকার অতিসম্প্রতি ওই আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা করে সংশোধনের পদক্ষেপ নিতে হবে।সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘ভূমি কমিশন আইন সংশোধন ও বিধিমালা প্রণয়নের দাবিতে অনেক সভা করেছি। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। প্রতিবারই মনে হয়েছে, এবার কিছু একটা হবে। কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। আর এগুলো না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা আসবে না।’সাংবাদিক ও কলাম লেখক আবু সাঈদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা মিটছে না সদিচ্ছার অভাবে। নীতিনির্ধারক থেকে সরকারি কর্মকর্তা পর্যন্ত সব পর্যায়ে এই সদিচ্ছার অভাব বিদ্যমান। তিনি পার্বত্যবাসীদের জাতীয় রাজনীতির মূল ধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, রাষ্ট্র ও সরকার যেভাবে চলছে, সেভাবে চলার কথা ছিল না। কোথা থেকে কখন যে কী হয়, তার কিছুই বোঝা যায় না। তাই আদিবাসীদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে সভায় সঞ্চালক ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর। স্বাগত বক্তব্য দেন কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন। সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সন্তোষিত চাকমা বকুল, তন্দ্রা চাকমা, উৎপল চাকমা প্রমুখ।