'পার্বত্য বাঙালিদের ভূমি হারানোর আশঙ্কা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ কমিশনের সভার আগে রাঙামাটি সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করেন কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা l প্রথম আলো
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ কমিশনের সভার আগে রাঙামাটি সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করেন কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা l প্রথম আলো

পার্বত্য এলাকায় বসবাস করা বাঙালিদের ভূমি হারানোর আশঙ্কাকে অমূলক বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক। তিনি বলেন, কমিশনের কার্যক্রম শুরু হলে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের অভিযোগ আমলে নেওয়া হবে। গতকাল রোববার রাঙামাটি সার্কিট হাউসে ভূমি কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, ভূমি বিরোধসংক্রান্ত অভিযোগুলো লিখিত আকারে জমা দিতে আবেদন আহ্বান করা হবে। ভূমিসংক্রান্ত বিরোধ নিয়ে এর আগে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা-ও তাঁরা পর্যালোচনা করবেন।
২০০১ সালে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস হয়। দীর্ঘ প্রায় ১৬ বছর পর আইনটি গত আগস্ট মাসে সংশোধন করা হয়। আইন সংশোধনের পর গতকাল কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে কমিশনের চেয়ারম্যানসহ নয়জন সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, সভায় কমিশনের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী সম্পর্কে তিনি বলেন, পার্বত্য চুক্তির শর্ত অনুযায়ী আইনটি সংশোধিত হয়েছে।

সভার আলোচ্য বিষয় সম্পর্কে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, কমিশন আইনের বিধি তৈরি, প্রধান ও শাখা কার্যালয় স্থাপন, বাজেট, জনবল নিয়োগসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্যসচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. মুমিনুর রশীদ, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও কংজরী চৌধুরী, মং সার্কেলপ্রধান রাজা সাচিং প্রু চৌধুরী এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশহ্লা মারমা ও বোমাং সার্কেল প্রধানের প্রতিনিধি।

ভূমি কমিশনের সভা শুরু হওয়ার আগে গতকাল সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে পরিচিতিমূলক সভা হয়। সেখানে কমিশনের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও মো. ওয়াহিদুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের কয়েকজন সদস্য ও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।