সব বাধাবিপত্তি উপেক্ষা করে কাল রোববার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সফল করতে সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোনো কারণে তিনি যদি ওই দিন এই কর্মসূচিতে উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার পর গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত ভিডিও বার্তায় খালেদা জিয়া এ আহ্বান ও নির্দেশনার কথা জানান।
এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিরোধী দলকে সমাবেশ করতে দেওয়া হবে না। কারণ জানতে চাইলে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দিন ঢাকায় কোনো সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য সরকার বাধা দেওয়া শুরু করেছে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, কোনো শক্তিই ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে বাধা দিতে পারবে না। গণতন্ত্র বাঁচানোর জন্য এই কর্মসূচি অবশ্যই পালন করা হবে।
খালেদা জিয়ার বিবৃতি: গতকাল ভিডিও বার্তায় খালেদা জিয়া দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আপনাদের পাশে আছি। সব সময় পাশে থাকব। আমি পাশে থাকতে না পারলেও আপনারা এই কর্মসূচি, এই আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের বিজয় সুনিশ্চিত।’ তিনি বলেন, ‘এই বিজয়ের মাসে ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে সবাইকে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে অনুরোধ করছি। আশা করি, সকল প্রতিকূলতা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা এই কর্মসূচিতে শরিক হবেন।’
সরকার দলীয়দের অস্ত্রের শক্তি বলবৎ রাখল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক বৈধ আগ্নেয়াস্ত্র জমাদানের সিদ্ধান্তকে সরকার স্থগিত করে গোটা জাতিকে এক ভীতিকর অবস্থার মধ্যে নিক্ষেপ করেছে। এ ধরনের ঘোষণা এটাই প্রমাণ করে যে, বিরোধী দল ও জনগণকে দমনে সরকার দলীয় বাহিনীর অস্ত্রের শক্তি বলবৎ রাখল। এতে করে বোঝা যায়, জনগণের শক্তির ওপর তাদের কোনো আস্থা নেই।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও আ. লীগের নেতারা বিরোধী দলের এই কর্মসূচি বন্ধ করার জন্য ধমকের সুরে কথা বলছেন। তাঁদের দাম্ভিকতা, সীমাহীন আস্ফাালন, অগণতান্ত্রিক আচরণ জাতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ক্ষমতায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে ক্ষমতার দম্ভ দেখানো সহজ। কিন্তু জনগণের ‘ন্যায়সংগত’ আন্দোলনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য ছাড়া রাজনৈতিকভাবে মোকাবিলা করা তার চেয়ে অনেক কঠিন।