‘পাষণ্ডদের দয়া হয়নি ওদের বিচার চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিতের নৃশংস হত্যাকাণ্ড মানতে পারছে না তাঁর পরিবার, স্বজন ও গ্রামের মানুষজন। তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার রাত সাড়ে সাতটার দিকে বিশ্বজিতের মরদেহ তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামে পৌঁছায়। রাধাগোবিন্দ মন্দিরে মরদেহ রাখার পর গ্রামের হাজারো মানুষ সেখানে উপস্থিত হন। মন্দিরের পাশে শ্মশানে রাত সাড়ে ১০টায় তাঁর মরদেহ সমাহিত করা হয়।গতকাল সোমবার মশুরা গ্রামে গিয়ে দেখা যায়, বিশ্বজিতের ছবি ও ব্যবহারের জিনিসপত্র আঁকড়ে ধরে কান্নাকাটি করছেন তাঁর বাবা-মা। পত্রিকায় ছাপা হওয়া হত্যাকাণ্ডের নৃশংস ছবি দেখে স্বজনেরা চোখের পানি ফেলছেন। গ্রামের মানুষ তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বিশ্বজিতের পরিবারকে সমবেদনা জানাতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের কর্মী ও এলাকার মানুষ তাঁদের বাড়িতে আসছেন। সবাই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন।মশুরা গ্রামের ঘোষপাড়ার বাসিন্দা কানু মোহন ঘোষ বলেন, ‘বিশ্বজিৎকে হত্যা করার দৃশ্য টিভির পর্দায় দেখে আমরা কেঁদেছি। বাঁচার জন্য ছেলেটির সে কী আকুতিই না ছিল! তাঁর জন্য পাষণ্ডদের কোনো দয়া হয়নি। আমরা নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ ভোজেশ্বর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। সংসারে অভাব থাকায় পড়ালেখা আর এগোয়নি। ২০০৬ সালে তিনি বড় ভাই উত্তম দাসের কাছে গিয়ে দর্জির কাজ শিখতে থাকেন। উত্তম শাঁখারীবাজারে আমন্ত্রণ টেইলার্স নামে একটি দোকান খুলে দেন বিশ্বজিৎকে। দুই ভাই এক বোনের মধ্যে বিশ্বজিৎ সবার ছোট। বাবা অলন্ত দাস ভোজেশ্বর বাজারের মিষ্টির দোকানে কাজ করেন। বিশ্বজিতের চাচাতো ভাই রবিন দাস বলেন, বিশ্বজিৎ কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। সে ছিল একজন দর্জি। তার মরদেহ দেখার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা হাসপাতালে এসেছিলেন। এ ছাড়া প্রশাসন ও অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা আসেননি।বিশ্বজিতের চাচাতো বোন সীমা দাস বলেন, ‘পরিবারের ছোট ভাই হিসেবে আমরা ওকে খুব আদর করতাম। ভাইটি আমাদের সব সময় হাসাত। এখন সে কান্নায় ভাসিয়ে গেল।’বিশ্বজিতের বড় ভাই উত্তম দাসের স্ত্রী শুক্লা দাস বলেন, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে দৃশ্য মানুষ দেখেছে, পুলিশ দেখেছে, সরকার দেখেছে। তাদের গ্রেপ্তার করতে হবে। বিশ্বজিতের বাবা অলন্ত দাস বলেন, ‘আমি কিছুদিন ধরে অসুস্থ। আমাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর কথা ছিল বিশ্বজিতের। রাজনীতির নিষ্ঠুর বলি হয়ে আমার আগে তাকেই চলে যেত হলো। আমার আরেকটি ছেলে ঢাকায় থাকে। আমি এখন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাড়ী বলেন, ‘আমি যতদূর জানি বিশ্বজিৎ কোনো রাজনৈতিক দলের কর্মী নন। তাঁর পরিবার আওয়ামী লীগের সমর্থক। যাঁরা তাঁকে হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত।’শরীয়তপুরের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘বিশ্বজিতের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাঁর পরিবারকে আমরা সব ধরনের আইনি সহায়তা দিয়ে যাব। তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ গত রোববার অবরোধ চলাকালে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে মিছিলকারীদের হামলায় বিশ্বজিৎ দাস (২২) নিহত হন।