‘পাস দিলেই আর মনে রাহে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার ধোবাউড়া-পুঁটিমারী সড়কের দক্ষিণ মাইজপাড়া গ্রামের নেউলার খালে সেতু না থাকায় কয়েকটি ইউনিয়নের প্রায় ৭০ গ্রামের মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে। সেতু না থাকা ও সড়কের কিছু অংশ কাঁচা থাকার কারণে এলাকার সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এতে উপজেলা প্রশাসনের কর্মকাণ্ডও যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতেও থানার পুলিশের বেশ সমস্যা হচ্ছে।ধোবাউড়া উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ধোবাউড়া-পুঁটিমারী প্রায় ১৫ কিলোমিটার সড়কের মধ্যে ধোবাউড়া থেকে কলসিন্দুর বাজার পর্যন্ত সাত কিলোমিটার পাকা। বাকি প্রায় আট কিলোমিটার কাঁচা। কলসিন্দুর বাজার থেকে দেড় কিলোমিটার দূরে বিশাল নেউলার খাল। এ খালের ওপর প্রায় এক যুগ আগে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। বছর দুয়েক পর সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে পড়ে। দীর্ঘদিন পর এবারের উপজেলা নির্বাচনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির ওপর বাঁশের একটি মাচা বেঁধে দেওয়া হয়েছে। এতে পায়ে হাঁটা, মোটরসাইকেল ও ভ্যান চলাচলের কাজ চললেও কোনো যানবাহন চলাচল করতে পারে না।সরেজমিনে গেলে উপজেলার কমলপুর গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘একে তো খালটিতে সারা বছর পানি থাকে, তার ওপর সেতুটি ভাঙা। বাধ্য হয়ে বেশি ব্যয়ে আমাদের পণ্য পরিবহন করতে হয়। ভোট দিয়া অনেক আশায় এমপি-চেয়ারম্যান বানাই। ভোটের সময় হেরা আশা দেয়, কিন্তু পাস দিলেই আর মনে রাহে না। সেতুডা আর অয় না।’ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের কৃষক সিসিম চিড়াং বলেন, ‘নেউলার খালে সেতু না থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। খালের ওপারে কলসিন্দুর বাজারে প্রতি মণ ধান যে দামে বিক্রি হয়, এ পারে এর দাম আমরা ৭০-৮০ টাকা কম পাই। আর কবে যে ব্রিজ হবে, আমাদের কষ্টের শেষ হবে!’সোহাগীপাড়া গ্রামের কলেজছাত্র মো. আমিনুল হক বলেন, ‘এমনিতেই সীমান্তের এ এলাকার মানুষ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে। তার ওপর রাস্তাঘাট ও সেতুর সমস্যার কারণে মোটরসাইকেলে অধিক ব্যয়ে যাতায়াত করতে হয়। পুটিমারী থেকে ধোবাউড়া ১৭ কিলোমিটার যেতে জনপ্রতি মোটরসাইকেল ভাড়া গুনতে হয় দেড় থেকে দুই শ টাকা। এসব কারণে আমাদের এ এলাকার ছেলেমেয়েরা বেশি দূর পড়াশোনা করতে পারছে না।’ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, নেউলার খালের ওপর সেতু নির্মাণের মতো আর্থিক অবস্থা উপজেলা প্রশাসনের নেই। ২০১০ সালের ১১ এপ্রিল হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সাংসদ সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ডিও লেটারসহ এ খালের ওপর ২৫০ ফুট দৈর্ঘের একটি স্পেন সেতু নির্মাণের প্রস্তাব এলজিইডির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এরপর আর এর কোনো অগ্রগতি হয়নি।ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আলীমুজ্জামান বলেন, একে তো সীমান্ত এলাকা, তার মধ্যে রাস্তাঘাট ভালো না থাকলে দায়িত্ব পালন করা কঠিন। খালের পারে গাড়ি রেখে কাদা মাটির রাস্তায় মোটরসাইকেল ভাড়া করে ওপারে দায়িত্ব পালন করতে রীতিমতো বেগ পেতে হয়। সেতুটি হওয়া অত্যন্ত জরুরি।’ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, সেতু না থাকায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কেবল যে দুর্ভোগ হচ্ছে তা নয়, প্রশাসনের কর্মকর্তাদেরও কাজ করতে বেশ সমস্যা হচ্ছে। বিভিন্ন নির্বাচন, সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ জরুরি কাজে প্রশাসনকেও বেশ বেগ পেতে হচ্ছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধা বলেন, সেতুর কারণে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলার উন্নয়নসহ সব ধরনের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি।