'পাস' নিয়ে একবার ভর্তিতে দ্বিতীয়বার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার পর তপুরা বেগমকে জানানো হয় তিনি এইচএসসি পাস করেছেন। চট্টগ্রামের ডা. ফজলুল হাজেরা কলেজের এই ছাত্রী তখন ভেবেছিলেন এরকম ভোগান্তি হয়তো আর হবে না।
গত বছর এইচএসসি ‘পাস’ করা নিয়ে ভোগান্তির রেশ কাটতে না কাটতেই নতুন ভোগান্তিতে পড়েন তপুরা বেগম। যোগ্যতা থাকা সত্ত্বেও এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছেন না তিনি।
তপুরা বেগম জানান, ‘অনলাইনে আবেদন করতে গিয়ে দেখি, আমার এইচএসসি পরীক্ষার রোল নম্বর ইনভ্যালিড (নম্বরটি গ্রহণ করছে না) দেখাচ্ছে। এরপর কলেজ ও বোর্ডে যোগাযোগ করেও বিষয়টির সমাধান করা যায়নি। ভর্তি হতে পারব কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
তপুরা বেগমের মতো বিপাকে পড়েছেন পুনর্নিরীক্ষণের পর ফল পাল্টে যাওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১০৪ জন শিক্ষার্থী।
ডা. ফজলুল হাজেরা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার নাথ বলেন, বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা একে অপরের কাঁধে দায় চাপাচ্ছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা বোর্ডে এসে কান্নাকাটি করছে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দিষ্ট পাতায় গিয়ে আবেদন করতে হবে। সেখানে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সাল এন্ট্রি (লিখতে হয়) করতে হবে। কিন্তু পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে এবং যারা নতুন করে পাস করেছে, তাদের এইচএসসির রোল নম্বর এন্ট্রি দেওয়া যাচ্ছে না।
স্নাতক (পাস) ভর্তি হতে অনলাইনে আবেদনের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন ৬ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ফল পরিবর্তন হয় ১০৪ জনের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের’ ভারপ্রাপ্ত ডিন মোবাশ্বেরা খানম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বোর্ডগুলো আমাদের যে ডাটা দিয়েছে, তা দিয়ে কাজ করছি। আমরা সব বোর্ডকে ফোন করে বলেছিলাম পুনর্নিরীক্ষণের ফলাফলের ডাটা দেওয়ার জন্য। তারা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড) যদি না দেয়, তাহলে আমরা কী করব। আর বোর্ডের কি দায়িত্ব নেই? তারা একটি মেইল করে দিলেই তো হয়।’
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব পীযূষ দত্ত প্রথম আলোর কাছে দাবি করেছেন, পুনর্নিরীক্ষণের ফল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কাছে চায়নি। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পরই তা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটককে সরবরাহ করা হয়েছে। সব পাবলিক বিশ্ববিদ্যালয় টেলিটকের সার্ভার থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পুনর্নিরীক্ষণের আগের ফলাফল নিয়ে ভর্তির কার্যক্রম চালাচ্ছে। এতে চট্টগ্রামের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাঁদের আবেদন গ্রহণ করা হচ্ছে না। রোল নম্বর ইনভ্যালিড দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় যদি সংশোধিত ফলাফল বিবেচনায় নিত, তাহলে শিক্ষার্থীদের দুর্ভোগ ও কষ্ট পোহাতে হতো না।
তবে পীযূষ দত্ত বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনর্নিরীক্ষণের ফল চাইলে তা এক ঘণ্টার মধ্যে সরবরাহ করতে প্রস্তুত রয়েছে বোর্ড।