'পাহাড়ধস মানবসৃষ্ট দুর্যোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাহাড়ে ভূমিধস ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে পাহাড়ধস মূলত মানবসৃষ্ট দুর্যোগ। পাহাড়কে কেন্দ্র করে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবই এ ধরনের দুর্যোগ তৈরি করছে।

গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বায়েস আহমেদ দেখান যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৯৯৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৮ বছরে বড় পাহাড়ধসে এ পর্যন্ত ৬০৫ জন প্রাণ হারিয়েছে। তিনি বলেন, ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত ২০ বছরে পাঁচ পাহাড়ি জেলায় প্রায় ১ হাজার ১২৮ বর্গ কিলোমিটার পাহাড়ি বন ধ্বংস করা হয়েছে এবং ৪২১ বর্গ কিলোমিটার পাহাড়ি এলাকা আবাসস্থলে রূপান্তরিত হয়েছে, যা পাহাড় কাটার ইঙ্গিত দেয়। এসব ঘটনা পাহাড়ধসের ঝুঁকি বাড়িয়ে চলেছে।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি বলেন, পাহাড়ধসের সমস্যাটি টেকনিক্যাল, কিন্তু এর সমাধান পলিটিক্যাল। সব রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা পাহাড়ের মালিক। তাঁরাই যথেচ্ছভাবে পাহাড় কাটছেন, গাছ কাটছেন। এই সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা না গেলে লাভ হবে না।