'পাহাড়িদের জগৎ ছোট হয়ে আসছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমচাষের ও বসবাসের জমি হারিয়ে পাহাড়িদের জগৎ ক্রমেই ছোট হয়ে আসছে। পাহাড়ি ঝিরি-ঝরনা থেকে বহিরাগত প্রভাবশালীরা নির্বিচারে প্রাকৃতিক পাথর তুলে নিয়ে যাওয়ায় পানির উৎস শুকিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পাহাড়ের মানুষের জীবনে। এ ছাড়া ‘বৃক্ষহীন সংরক্ষিত বনাঞ্চল’ ও ভূমি দখলদারদের কারণে পাহাড়িরা চাষাবাদের জমি হারাচ্ছেন।
‘বোমাং রাজপুণ্যাহ’ উৎসবের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার হেডম্যান-কার্বারি সম্মেলনে (হেডম্যান-মৌজাপ্রধান, কার্বারি-পাড়াপ্রধান) বোমাং সার্কেলপ্রধান (রাজা) এবং অতিথিদের কাছে এসব বিষয় তুলে ধরা হয়। সম্মেলনে বোমাং সার্কেলের প্রায় এক শ হেডম্যান এবং তিন শতাধিক কার্বারি উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউিটের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নাইক্ষ্যংছড়ির বাকখালী মৌজার হেডম্যান উচহ্লা চাক বলেন, মৌজার হেডম্যানদের সম্মতি ছাড়া বহিরাগত অনেকে প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে পাহাড়ে জমি ইজারা নিয়েছেন। কিন্তু অনেকে যে পরিমাণ জমি ইজারা নিয়েছেন, তার চেয়ে বেশি জমি দখল করেছেন। হাজার হাজার একর ভূমি বেদখল হয়ে যাওয়ায় জুমচাষের ও বসবাসের জমি হারিয়ে পাহাড়িদের জগৎ দিন দিন ছোট হয়ে আসছে।
আলীকদমের তৈন মৌজার হেডম্যান মংক্যনু মারমা বলেন, পাড়ার আশপাশের ঝিরি (পাহাড়ি ছড়া) ও ঝরনা থেকে বহিরাগতরা অবাধে প্রাকৃতিক পাথর তুলে নিয়ে যাচ্ছে। এ জন্য ঝিরি-ঝরনাগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। পানির সংকটে অনেক পাড়া উচ্ছেদের মুখে পড়েছে। পাথর আহরণে বাধা দিলে চাঁদাবাজির মামলা দেওয়া হয়। তিনি পাথর আহরণ বন্ধে প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করেন।
রোয়াংছড়ির বেতছড়া মৌজার হেডম্যান হ্লাথোয়াই হ্রী মারমা অভিযোগ করেন, বন বিভাগ ১৯৮০-র দশকে এক লাখ একরের অধিক জমি সংরক্ষিত বনাঞ্চলের নামে দখল করে নিয়েছে। পাহাড়িদের জুমচাষের ও বিভিন্ন ফসল চাষাবাদের ওই জমিতে কোনো বন নেই উল্লেখ করে তা পাহাড়ি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশাসনকে পার্বত্য চুক্তি অনুযায়ী জেলা পরিষদে হস্তান্তরের দাবি জানান তিনি।
সম্মেলনে বোমাং রাজা উ চ প্রু বলেন, সরকার সমস্যা সমাধান করতে আন্তরিক। তবে নিজেরা নিজেদের কাজ করতে হবে। শুধু এটা-ওটা দাবি জানালে হবে না।
বীর বাহাদুর বলেন, ভূমি সমস্যা সমাধানের ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন কাজ করছে। ভূমির মালিকানা হস্তান্তরে জেলা প্রশাসনের অস্বচ্ছতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।