'পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনে বাঙালি অভিবাসনের দায় আছে'
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের নিয়ে নতুন পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এই অভিবাসনের একটা দায় আছে। সেখানে বাঙালি নিয়ে যাওয়া উচিত হয়নি।
‘সরকারের প্রতিশ্রুতি, আদিবাসী নারী ও কন্যাশিশুর বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। গতকাল সোমবার ডেইলি স্টার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্ষুদ্র জাতিসত্তার মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন কাপেং ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক।
কাজী রিয়াজুল হক বলেন, মানবাধিকারসংক্রান্ত একাধিক আন্তর্জাতিক চুক্তি ও সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে। তবে এসব সনদ বা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা যাচ্ছে।
গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সাঁওতালদের ওপর হামলার বিষয়ে রিয়াজুল হক বলেন, ওই হামলা হয়েছিল স্থানীয় রাজনৈতিক দুষ্টচক্র ও প্রশাসনের যোগসাজশে। এটি রাষ্ট্রীয় মদদে হয়নি। তিনি বলেন, ‘ওই দিন ৫০০ সাঁওতাল পরিবারকে উচ্ছেদ করতে ৪০০ পুলিশ-র্যা ব সদস্য অভিযান চালিয়েছিল। সামান্য তির-ধনুক নিয়ে থাকা কয়েকজন সাঁওতালের বিরুদ্ধে এমন অবস্থান সত্যিই অকল্পনীয়।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ফাল্গুনী ত্রিপুরা। তিনি বলেন, ২০১৬ সালে ৫৩টি ঘটনায় ক্ষুদ্র জাতিসত্তার ৫৮ জন নারী ও কন্যাশিশু শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ছয়জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৫৮ জনের মধ্যে ৩০ জন পার্বত্য চট্টগ্রামের এবং ২৮ জন সমতলের। ৮৫ শতাংশ ক্ষেত্রে ক্ষুদ্র জাতিসত্তার নারীরা বাঙালিদের দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রতা, প্রশাসন ও বিভিন্ন কর্তৃপক্ষের অসহযোগিতা, আর্থিক অসচ্ছলতা, আইনি সহায়তার অভাবে নারী ও শিশু নির্যাতন দমন আদালত থেকে ক্ষুদ্র জাতিসত্তার নারীরা তেমন সুফল পান না।
আলোচনা সভা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রধান ফরিদা ইয়াসমিন।