পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বোমাং সার্কেল প্রধান (বোমাং রাজা) উ চ প্রু চৌধুরী। তিনি বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো (হেডম্যান-মৌজাপ্রধান, কার্বারি-পাড়াপ্রধানসহ বিভিন্ন প্রতিষ্ঠান) টিকে না থাকলে পাহাড়ি সমাজ টিকিয়ে রাখা সম্ভব হবে না। গতকাল বুধবার বান্দরবান জেলা শহরের উজানীপাড়া এলাকার পুরোনো রাজবাড়ি মাঠে আয়োজিত ‘বোমাং রাজপুণ্যাহ’ উৎসবে তিনি এসব কথা বলেন।
রাজপুণ্যাহ উৎসবের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাখাওয়াত হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি মারমা প্রমুখ।
বান্দরবান জেলার ৯৫টি ও রাঙামাটির ১৪টি মৌজা নিয়ে বোমাং সার্কেল গঠিত। জুমচাষি প্রজাদের কাছ থেকে বোমাং রাজার খাজনা বা জুম রাজস্ব আদায়ের বার্ষিক আয়োজনই ‘রাজপুণ্যাহ উৎসব’। এবার ১৩৯তম ‘রাজপুণ্যাহ উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। জুম খাজনা আদায়ের জন্য বোমাং রাজারা ১৮৭৫ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছেন। তবে ১৯৯০-এর দশকে ১৪তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরীর মৃত্যুর পর দুই বছর রাজপুণ্যাহ উৎসব হয়নি।
গতকাল বেলা সাড়ে ১১টায় বোমাং রাজা উ চ প্রু চৌধুরী সেপাই-সান্ত্রি, সভাসদদের নিয়ে রাজপুণ্যাহ সভায় আসেন। এ সময় রাজা ও অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। প্রজাদের উদ্দেশে বার্ষিক ভাষণ শেষে তিনি হেডম্যান ও কার্বারিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায় ও উপঢৌকন গ্রহণ করেন।
বোমাং রাজা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বিপুল প্রাকৃতিক সম্পদের মধ্যে বসবাস করে। এ প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমাং রাজা শুধু ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠানও। এ প্রতিষ্ঠানের মাধ্যমে পাহাড়িরা তাঁদের নিজস্ব স্বকীয় ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নিজেদের অধিকার আদায় করতে পারেন।
রাজপুণ্যাহ উপলক্ষে বান্দরবান জেলা শহর দেশি-বিদেশি পর্যটকসহ পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠী ও বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়েছে। রাজার মাঠ ও রাজবাড়ি মাঠে পুণ্যাহ মেলা বসেছে। ‘রাজপুণ্যাহ’ উৎসব চলবে তিন দিন।