'পিলখানার শহীদদের স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, গতকাল জাতীয় প্রেসক্লাবে l ছবি: প্রথম আলো
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, গতকাল জাতীয় প্রেসক্লাবে l ছবি: প্রথম আলো

পিলখানায় হত্যাকাণ্ডের সাত বছর পরও ঘটনাটি কেন ঘটেছিল, কারাই–বা এর পেছনে ছিল—সে বিষয়ে কিছুই জানতে পারেননি বলে দাবি করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। তাঁরা ওই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করতে নতুন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
‘পিলখানার শহীদদের স্মরণে আলোচনা সভা’ শিরোনামে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনাসদস্যদের স্মরণ করা হয়। ‘শহীদ পরিবারবর্গ’ এবং ‘দেশ উই আর কনসার্নড’ নামক সংগঠন যৌথভাবে এ আয়োজন করে।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়। এরপর নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যরা প্রেসক্লাব প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘এত বড় একটা ঘটনার সুষ্ঠু বিচারের সূচনা আমরা করতে পারিনি। এ নিয়ে লজ্জা প্রকাশের জায়গাটিও নেই।’
স্বাগত বক্তব্যে নিহত কর্নেল কুদরত এলাহী রহমানের বাবা হাবিবুর রহমান বলেন, শহীদ পরিবারের সদস্যদের প্রশ্ন—কেন এই বর্বরোচিত হত্যাকাণ্ড হলো, নিহত সেনাসদস্যদের কী অপরাধ ছিল? তিনি বলেন, শহীদদের মধ্যে এমন সেনা কর্মকর্তা ছিলেন, যিনি ওই দিনই অথবা মাত্র এক মাস আগে অন্য কর্মস্থল থেকে বিডআরে যোগ দিয়েছেন। তাঁদের কী অপরাধ ছিল? কারাই–বা এই নৃশংসতার পরকিল্পনা করেছিল?
হাবিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন অসরপ্রাপ্ত বিচারপতির অধীনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য হয়তো উন্মোচন হতো। তাই এমন একটি কমিশন গঠনের দাবি জানাচ্ছি।’ তিনি নিহত সেনাদের স্মরণে ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনা দিবস’ এবং দিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করার দাবি জানান।
নিহত কর্নেল এম মুজিবুল হকের স্ত্রী নেহরিন ফেরদৌস বলেন, ‘সবার মনে ধারণা জন্মেছে, আমরা সরকারের কাছ থেকে অনেক টাকা পেয়েছি। যেখানেই যাই, সবাই আমরা কেমন আছি, কী করছি, বাচ্চারা কেমন আছে সে বিষয়ে কিছু জিজ্ঞেস না করে আমরা কী পেয়েছি তা জানতে চায়। এটা খুবই বিব্রতকর। আমরা যা পেয়েছি তা আমাদের স্বামীর ন্যায্য টাকাটা পেয়েছি। তার চেয়ে বেশি কিছু নয়।’
নেহরিন ফেরদৌস বলেন, তাঁরা কারও কাছ থেকে সহানুভূতি চান না। সবকিছুর ঊর্ধ্বে তাঁদের একটাই চাওয়া, এই দিনটাকে বিশেষ দিবস হিসেবে পালন করা হোক। আগামী প্রজন্ম জানুক, এই দিনে এমন একটা নৃশংস ঘটনা ঘটেছিল।
মেজর মো. সালেহর স্ত্রী নাসরিন আহমেদ বলেন, ‘আমরা আসল ঘটনাটি জানতে চাই। এত বড় একটা ঘটনা, এর পেছনে কারা ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, বিচার আদৌ কি হলো, আমরা কিন্তু কিছুই জানি না। এসব কিছু আমরা জানতে চাই। আমাদের সন্তানেরা জানতে চায়।’
মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান বলেন, ‘২৫ ফেব্রুয়ারি যদি সরকার শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে, তাহলে হয়তো একটা কিছু পেয়েছি বলে মনে হবে। কারণ, বিচার তো কী হয়েছে তা সবার দেখা। আমরা যা দেখেছি, এটা আসলে কিছু কি হলো! আচ্ছা যতটুকু দেখেছি, যা হলো তা না হয় মেনে নিলাম। মেনে নেওয়া ছাড়া এখন আর কিছু করার নেই।’
নিহত কর্নেল কুদরত এলাহী রহমানের ছেলে সাকিব রহমান বলেন, পেছনের ষড়যন্ত্রকারীরা এখনো বের হয়ে আসেনি। বিচার কিন্তু তখনই হবে যখন পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা যাবে এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তিনি বলেন, ‘চার বছর ধরে আমরা একটি বিচার বিভাগীয় কমিশনের কথা বলে এসেছি। এই কমিশন তদন্ত করে জানাবে, ঘটনাটা কেনো ঘটল, কারা ঘটাল এবং সে অনুযায়ী ফৌজদারি আইনে তাদের বিচার হবে।
সাকিব রহমান বলেন, সরকারের তদন্ত প্রতিবেদনের ১৯ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা আছে, পেছনের ষড়যন্ত্রকারীরা কিন্তু পর্দার আড়ালেই রয়ে গেছে। তাই ষড়যন্ত্রকারীদের বের করে আনার দায়িত্বটা সরকারের ওপরই পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘সম্ভবত তিনটা তদন্ত কমিটি হয়েছিল। একটা কমিটিরও কোনো তথ্য সুস্পষ্টভাবে কারও কাছে উপস্থাপন করা হয়নি। তার মানে কী? আমরা তদন্ত করতে পারি না? নাকি চাই না। না পারাটা বড় দুঃখের, লজ্জার কথা। আর যদি না চাই, সেখানেও প্রশ্ন করা উচিত যে কেন চাই না? এবং এটা আরও লজ্জার।’
সুলতানা কামাল বলেন, সবাই মিলে এই হত্যাকাণ্ডকে এমন একটা ঘটনায় পরিণত করা হলো যার কোনো শেষ দেখা যাচ্ছে না। এই শোকের পরিসমাপ্তিও ঘটানো যাচ্ছে না। ফলে জাতি হিসেবে এর দায় সবাইকে বহন করতে হবে। ঠিক যেমন হয়েছিল যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে। যত দিন পর্যন্ত এই বিচার আটকে ছিল, তত দিন একটা দায় মাথায় নিয়ে জাতিকে চলতে হয়েছিল।