‘পিষ্টি ফলের নাম শুনিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোনো দিন পিষ্টি ফলের নাম শুনিনি। মনফল এইমাত্র দেখলাম। এখানে অনেক ফল আছে, যা আগে দেখিনি।’ বলছিল মৌলভীবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুম আলম। পাশেই ছিল শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ফারদুল কবীর। সে টেকাটুকি ফলের নাম শুনেছে। কিন্তু খায়নি। তবে মনফলের নাম শোনেনি। একই বিদ্যালয়ের ছাত্র মোমিতুল ইসলামের ইচ্ছা, কিছু ফলের গাছ কিনে নিয়ে বাড়িতে লাগাবে। মৌলভীবাজার বৃক্ষমেলায় গত সোমবার দুপুরে তাদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হচ্ছিল। প্রায় সবারই চোখভরা বিস্ময়। একেবারেই নিজের মাটির গাছ ও ফল। কিন্তু অনেকেই নাম শোনেনি। নাম শুনলেও চোখে দেখেনি।স্থানীয় ফলকে পরিচিত করাতেই কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের স্টলে ছিল চোখ ধাঁধানো ফলের সমারোহ। এর মধ্যে আছে চালতা, আঁশফল, মনফল, বাঙ্গি, ডেফল, লুকলুকি, কামরাঙা, গাব, বন কাঁকরোল, আমড়া, হরীতকী, বহেরা, জগডুমুর, শরিফা, পিষ্টি, সফেদা, টেকাটুকি, অড়বরই, বকুল ফল, বিলম্বি, ট্যাং, অনেক জাতের লেবু, পেয়ারা ও আম।মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র তাদের স্টলে প্রায় ৪০ জাতের ফলের প্রদর্শন করছে। তাদের প্রদর্শিত ফলের মধ্যে আছে বিলম্বি, ডালিম, শরিফা, দারুচিনি, বিলাতি গাব, বেল, আতাফল, লটকন, গোলাপ জাম, কালো জাম, চালতা, কতবেল, আনার ইত্যাদি। ‘ফলগুলো ভালো। পুষ্টিগুণ সমৃদ্ধ। কিন্তু প্রায় বিলুপ্তির পথে।’ বলছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো. মনজুরুল হক। মেলায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রদর্শন করছে বনজ, ঔষধি ও ফলের গাছ। ফলগুলো বন্য প্রাণীর খাদ্য। যা বনে কমে যাওয়ায় বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। বনের বাইরেও এগুলো খুব কমই চোখে পড়ে। তারা প্রায় ১০০ জাতের গাছ প্রদর্শন করছে। এর মধ্যে আছে নাগলিঙ্গম, বাটনা, মহুয়া, কাউফল, কালো মেন্দা, কোনারী, পলাশ, জাফরান, অশ্বগন্ধা, সর্পগন্ধা, রিঠা, শতমূলী, বাঁশপাতা, চাল মুগড়া, কালমেঘ, তূণ, তুরুক চণ্ডাল, চিকরাশি, তেলশুর, ছুঁইজাল, জাকারান্ডা, হিজল, তেজবহল, শ্বেত চন্দন, মাকাল ফল (কাউয়ালুলি), চাউ ইত্যাদি। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক গাজী মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা যেগুলো প্রদর্শন করছি, সেগুলোর অনেকটাই বিলুপ্ত। নতুন গাছ ও ফল দেখে অনেকের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। আমাদের এখানে যে মাকাল ফল আছে, সেটা অন্য কোথাও দেখা যায় না।’ কয়েকটি মেহগনি ও কাঁঠাল চারা কিনেছেন রশিদ উদ্দিন। তিনি বললেন, ‘আগে তো বাড়িতে এমনিই গাছ উঠছে। পাখি ফল খাইয়া বিটছে (মল ত্যাগ করেছে)। এখান থাকি চারা গজাইছে। অখন এরকম গাছও নাই। পাখিও দেখি না।’ গত রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। বৃক্ষমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। ৭ আগস্ট পর্যন্ত মেলা চলবে।