সিলেটে অপচিকিৎসার কারণে সৈয়দা মারওয়া রিফাতের মৃত্যুর পর দায়ের করা হত্যা মামলায় আসামি ‘পীরানি’ তহুরা বেগম (৫৫) ও তাঁর গৃহকর্মী রোকেয়া বেগমকে (৩০) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আমিরউদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অঞ্জন রায় প্রথম আলোকে জানান, তহুরা ও রোকেয়াকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবারই তাঁদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।গত ৩০ নভেম্বর পীরানি তহুরা বেগম রিফাতের পরিবারে ‘জিনের আছর’ পড়েছে বলে জানান। তিনি রিফাতসহ তাঁদের পরিবারের সবার জন্য গৃহকর্মী রোকেয়ার মাধ্যমে তেল পড়া ও কথিত চিকিৎসাসামগ্রী পাঠান। সেগুলো সেবন করার পর অসুস্থ হয়ে রিফাত ৩ ডিসেম্বর সকালে মারা যান। অসুস্থ হয়ে তাঁর মা ও মামা হাসপাতালে ভর্তি হন। পরদিন ৪ ডিসেম্বর মামলা হলে তহুরা ও রোকেয়াকে গ্রেপ্তার করা হয়।